আইএসএলের ভবিষ্যৎ এখনও বিশ বাঁও জলে। তবে ফুটবল পাগল বাঙালিদের খানিকটা আশার আলো দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super Legue)।

হুডখোলা জিপে ব্যারেটোকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা
শেষ আপডেট: 12 December 2025 21:17
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের ভবিষ্যৎ এখনও বিশ বাঁও জলে। তবে ফুটবল পাগল বাঙালিদের খানিকটা আশার আলো দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super Legue)। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই বিএসএল (BSL)। আর এই বেঙ্গল সুপার লিগের অন্যতম দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স মাঠে নামতে চলেছে আগামী ১৬ ডিসেম্বর। শৈলেন মান্না স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ।
শুক্রবার হাওড়ার দাশনগর থেকে শৈলেন মান্না স্টেডিয়াম পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), দলের হেড কোচ ব্যারেটো, গোলকিপার কোচ সংগ্রাম মুখোপাধ্যায়-সহ অভিলাষ পাল, সাহিল হরিজন, সৌমিক কুণ্ডুর মতো ফুটবলাররা।
হুডখোলা জিপে ছিলেন ব্যারেটো-সহ অন্যান্য ফুটবলাররা। সঙ্গে ছিল প্রায় পাঁচশো বাইক। সারা রাস্তা জুড়ে এই বাইক র্যালি ঘিরে সমর্থকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রার মধ্যেই ব্যারেটো জানান, “বাংলার ফুটবল উন্মাদনা আমার কাছে নতুন নয়। আমি জানি এখানে সমর্থকরা কতটা আবেগপ্রবণ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের হাত ধরে এবার শুরু হল নতুন পথ চলা। আমাদের দল বেশ শক্তিশালী, অনুশীলনও ভাল হচ্ছে। আশা করি ম্যাচেও আমরা ভাল ফল করব।"
শোভাযাত্রায় উপস্থিত প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "হাওড়া বরাবর ফুটবল প্রেমীদের জায়গা। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের অংশ হতে পেরে আমি খুব খুশি। আগামী দিনে এই বিএসএল খুব বড় জায়গায় পৌঁছে যাবে। আজ হাওড়ার যত সমর্থক এসেছেন তাঁদের আমি ধন্যবাদ জানাই। ম্যাচের দিন আমি মাঠে ১০,০০০ সমর্থককে দেখতে চাই। হাওড়া-হুগলি চ্যাম্পিয়ন হবে বলতে কোনও দ্বিধা নেই আমার"
হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের গোলকিপার কোচ সংগ্রাম মুখোপাধ্যায় জানান "হুডখোলা জিপে এইভাবে অভিনব শোভাযাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি। আমাদের দল যথেষ্ট ভাল অনুশীলন করছে। দলের তিনটি গোলকিপার খুব ভাল। ম্যাচে খুব ভাল ফল হবে।"