দ্য ওয়াল ব্যুরো : মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় ধরনের সংস্কার করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সরকারি মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান কে শিবন ঘোষণা করলেন, এবার থেকে বেসরকারি সংস্থাকেও রকেট, উপগ্রহ বানাতে অনুমতি দেওয়া হবে। তারা অন্য সংস্থার তৈরি রকেট ও উপগ্রহ উৎক্ষেপণে সাহায্যও করতে পারবে। প্রয়োজনে ইসরো কোনও গবেষণার ক্ষেত্রে হাত মেলাবে বেসরকারি সংস্থার সঙ্গে।
গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, মহাকাশ গবেষণায় বাণিজ্যিক ভিত্তিতে অংশগ্রহণ করতে পারবে বেসরকারি সংস্থা। ইসরো প্রধান অবশ্য বৃহস্পতিবার জানিয়ে দেন, আগামী দিনে মহাকাশ গবেষণায় তাঁদের সংস্থার ভূমিকা কোনওভাবেই কমবে না। অনলাইন সাংবাদিক বৈঠকে শিবন বলেন, বেসরকারি ক্ষেত্রকে মহাকাশ গবেষণায় অনুমতি দেওয়ার জন্য ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইনস্পেস) নামে একটি নতুন সংস্থা তৈরি হয়েছে।
শিবনের বক্তব্য, আগামী দিনে ভারতের সংস্থাগুলি আন্তর্জাতিক স্পেস ইকনমিতে বড় ভূমিকা নিতে পারবে। মহাকাশ গবেষণাতেও উন্নতি হবে দ্রুত। তাঁর কথায়, "মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় ধরনের সংস্কার করা হচ্ছে। আগামী দিনে ইনস্পেস সংস্থাটি মহাকাশ গবেষণার প্রযুক্তি, আইন এবং নিরাপত্তার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে।"
ইনস্পেস সংস্থাটি তৈরি হতে সময় লাগবে ছ'মাস। এর মধ্যে যে বেসরকারি সংস্থাগুলি রকেট বা উপগ্রহ বানাতে চায়, তারা আবেদন করতে পারবে মহাকাশ গবেষণা দফতরে। পরবর্তীকালে তারা সরাসরি ইন স্পেসের কাছে আবেদন করবে। ওই সংস্থাটি আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।
এর পাশাপাশি নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি হচ্ছে। তারা মহাকাশ গবেষণার বাণিজ্যিক দিকটি দেখাশোনা করবে। ভারতে মহাকাশ গবেষণার জন্য যে গবেষণাগারগুলি আছে, সেগুলি যাতে যথাযথ কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখবে ওই সংস্থা।