
শেষ আপডেট: 25 November 2023 14:06
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে গৌতম পাল জানিয়েছিলেন, প্রতি বছর নেওয়া হবে টেট। সেই মোতাবেক ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট হয়েছিল। ফের ২০২৩ সালেও টেটের দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পর্ষদ। ডিসেম্বরে টেট হওয়ার আগেই তা নিয়ে জটিলতা দেখা দিল। আদৌ এ বছর হবে তো টেট, প্রশ্ন উঠে গেল। সূত্রের খবর, জটিলতা কাটাতে তড়িঘড়ি বৈঠকে বসছে পর্ষদ।
২০২৩ সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চলছে। অভিযোগ, ২০১৭ ও ২০২২ সালের টেটে-র এখনও নিয়োগ সম্পন্ন হয়নি। সেই নিয়ে রাস্তায় আন্দোলন চালাচ্ছেন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, নিয়োগ না দিয়ে বছরের পর বছর টেট নিচ্ছে পর্ষদ। এহেন পরিস্থিতিতে জেলা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসছে পর্ষদ।
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা এবারের টেট। সেই পরীক্ষায় যাতে কোনও জটিলতা তৈরি না হয়, তাই আগামী ২৮ নভেম্বর বৈঠকে বসবে পর্ষদ। সূত্রের খবর, সেই বৈঠকে থাকবেন জেলা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানরা। আসন্ন টেট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। শুধু তাই নয়, টেটের স্বচ্ছতা নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও এই বৈঠকে খতিয়ে দেখা হবে।
প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। হাইকোর্টে এই বিষয়ে একাধিক মামলা চলছে। সেখানে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পর্ষদকে। তার মধ্যে এখনও পুরনো নিয়োগই সম্পন্ন হয়নি। নিয়োগ প্রক্রিয়া বারবার বাধা পাচ্ছে। এমন অবস্থায় ফের নতুন করে টেট নেওয়ার যৌতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এ ব্যাপারে পর্ষদের বক্তব্য, কেন্দ্রীয় আইন অনুযায়ী প্রতি বছর টেটের ব্যবস্থা করা হচ্ছে। তবে নিয়োগ নিয়ে এখনও কোনও সদুত্তর নেই পর্ষদের কাছে।