উচ্চশিক্ষা প্রশাসনে ক্ষমতার রাশ কার হাতে থাকবে— সেই বিতর্কে আপাতত ইতি পড়ল দিল্লির সিদ্ধান্তে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 15 December 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড়সড় বদল আনতে পারত যে দুই সংশোধনী বিল (amendment bills, state universities), সেগুলিতে সম্মতি দিলেন না মহামান্য রাষ্ট্রপতি (President)। ফলে আপাতত রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে কোনও পরিবর্তন হচ্ছে না।
রাজভবন সূত্রের খবর, গত ২০ এপ্রিল ২০২৪-এ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। ওই বিলে প্রস্তাব ছিল, রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে (Chief Minister Mamata Banerjee) বসানো হোক।
একই দিনে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও। সেখানেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া বা চ্যান্সেলর হিসেবে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, “রাজ্যপাল তাঁর পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন।” সেই প্রেক্ষিতেই সংশোধনী দু’টি বিলে সম্মতি দিতে বিরত থাকলেন রাষ্ট্রপতি বলে জানানো হয়েছে।
এর ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদে রাজ্যপালের ভূমিকা বহাল থাকছে। উচ্চশিক্ষা প্রশাসনে ক্ষমতার রাশ কার হাতে থাকবে— সেই বিতর্কে আপাতত ইতি পড়ল দিল্লির সিদ্ধান্তে। তবে এ ব্যাপারে রাজ্যের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।