নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন। তুমুল উত্তেজনা সৃষ্টি হয় নার্সিংহোম চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ।

নার্সিংহোমে উত্তেজনা
শেষ আপডেট: 6 June 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সন্তানের জন্ম দিয়েই মৃত্যু হয় মায়ের। তারপরেও সদ্যোজাত-সহ মাকে অন্য হাসপাতালে রেফার করার অভিযোগ উঠল লালবাগের একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃত্যুর পরেও কেন রেফার করা হল, তাই নিয়ে শোরগোল পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় পুলিশ।
প্রসব যন্ত্রণা ওঠায় লালবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল ওই প্রসূতিকে। পরিবারের অভিযোগ, সিজার করে সন্তানের জন্ম দেওয়া হয়। কিছুক্ষণ সুস্থ থাকলেও পরবর্তীতে খিঁচুনি ওঠে তাঁর। এবং তিনি মারা যান। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ এরপরে অবস্থা খারাপ হয়েছে বলে জানিয়ে সদ্যোজাত সন্তান-সহ মৃত প্রসূতিকে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করে।
পরিবার পরিজন তড়িঘড়ি বহরমপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে প্রসূতির। বিষয়টি জানতে পেরে মায়ের দেহ ও সদ্যোজাত সন্তানকে নিয়ে লালবাগের ওই বেসরকারি নার্সিংহোমে ফিরে আসেন তাঁরা। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন। তুমুল উত্তেজনা সৃষ্টি হয় নার্সিংহোম চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ। নার্সিংহোম কর্তৃপক্ষের কেউ এ ব্যাপারে মুখ খোলেনি।
ঘটনা সত্যতা যাচাই করতে মৃত প্রসূতির পরিবার ও নার্সিংহোম কর্তৃপক্ষকে নিয়ে মুর্শিদাবাদ থানায় বৈঠক ডেকেছে পুলিশ।