হাসপাতালের ন্যয্য মূল্যের দোকান থেকে ভুল ওষুধ দেওয়ায় এক গর্ভবতী মায়ের সন্তান হারানোর অভিযোগ উঠল কামারহাটিতে।

শেষ আপডেট: 28 July 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাসপাতালের ন্যয্য মূল্যের দোকান থেকে ভুল ওষুধ দেওয়ায় এক গর্ভবতী মায়ের সন্তান হারানোর অভিযোগ উঠল কামারহাটিতে। এই দোকানের বিরুদ্ধে অভিযোগ রোগিনীকে ভুল ওষুধ দেওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বর্তমানে সংকটজনক অবস্থায় এই হাসপাতালেই চিকিৎসাধীন ওই মহিলা।
পানিহাটি ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিশা মাহাতো সিং দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসা চলছিল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার তার শরীর খারাপ লাগায় রাত আটটার সময় তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা গর্ভবতী মাকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেন ।
সেই ওষুধের প্রেসক্রিপশন নিয়ে সাগর দত্ত হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন ওই প্রসূতির পরিবার। এরপর তাঁকে নিয়ে বাড়ি ফিরে যান।
অভিযোগ, রাত্রিবেলা সেই ওষুধ খাওয়ার পরেই ভোররাত থেকে প্রসূতির রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের পক্ষ থেকে গর্ভবতী মাকে সঙ্গে সঙ্গে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী ওষুধ খেয়েছেন জানতে চাওয়া হলে সমস্ত ওষুধের প্রেসক্রিপশন এবং ওষুধের ফয়েলগুলো দেখান। ওষুধের ফয়েল দেখেই ডাক্তারদের চোখ কপালে ওঠে। তাঁরা দেখেন যে ওষুধ লেখা হয়নি, দোকান থেকে তা দেওয়া হয়েছে। সেই ওষুধ ব্যবহারের ফলেই গর্ভবতী মায়ের রক্তক্ষরণ শুরু হয়েছে। ইউএসজি করে দেখা যায় গর্ভে থাকা দু মাসের ভ্রুণ নষ্ট হয়ে গেছে। তখনই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই মহিলার অবস্থা ও সংকটজনক বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে । অভিযুক্ত এজেন্সির মালিক এবং কর্মচারী সঞ্জয় দের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কামারহাটি থানার পুলিশ।