
শেষ আপডেট: 2 February 2023 10:34
দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের পলিটব্যুরো থেকে ত্রিপুরার মূল দায়িত্বে প্রকাশ কারাট (Prakash Karat)। এক মাস পর যে রাজ্যে ভোট সেখানে রাজ্য কমিটির বৈঠকে কারাট তো গেলেনই। সঙ্গে গেলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও (Sitaram Yechuri)। মনে করা হচ্ছে মঙ্গলবারই (Tuesday) নির্বাচনী রণকৌশলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে।
মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরীরা ইতিমধ্যেই জোটের গান গেয়ে রেখেছেন। কংগ্রেসের সঙ্গে পাঁচ বাম দলের যৌথ বিবৃতি সপ্তাহ দেড়েক আগে শোরগোল ফেলে দিয়েছিল ত্রিপুরায়। অনেকে বলেছিলেন, সিপিএম-কংগ্রেস জোটের সলতে পাকানো হয়েছে ওই যৌথ বিবৃতিতেই।
এরমধ্যেই আবার জনজাতিদের নতুন দল তিপ্রা মথা বিজেপির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রবিবার স্পষ্ট করেই বলেছিলেন, বিজেপি যাতে ভোট লুঠ করতে না পারে তার জন্য নিচুতলায় সিপিএম, কংগ্রেস এবং মথার কর্মীরা ঐক্যবদ্ধ।

সিপিএম সূত্রে খবর, ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠকে ইয়েচুরি ও কারাটের উপস্থিতিতে নির্বাচনী রণকৌশলের নকশা ঠিক হয়ে যাবে। সরাসরি আসন সমঝোতা হবে নাকি অন্য কোনওভাবে তা বাস্তবায়িত করা সম্ভব তা এদিন চূড়ান্ত হয়ে যেতে পারে।
মজার বিষয় হল, এই তিপ্রা মথার অন্যতম দাবি পৃথক তিপ্রা ল্যান্ড। অর্থাৎ আলাদা রাজ্য। যাকে সিপিএম এবং কংগ্রেস বিচ্ছিন্নতাবাদ বলে মনে করে। তাদেরকে নিয়ে নির্বাচনী কৌশল করা হবে কিনা সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠকে। সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর জনজাতি নেতারা মথাকে নিয়েই ভোটে লড়ার পক্ষে। এ ব্যাপারে আবার মানিক সরকারদের আপত্তি আছে বলে খবর। এখন দেখার কী সিদ্ধান্ত নেয় ত্রিপুরা সিপিএম।
ডুবছে জোশীমঠ, ফাটল ধরে ভেঙেচুরে যাচ্ছে বাড়িঘর, তবু মামলার শুনানি শুনলই না সুপ্রিম কোর্ট