এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শিলান্যাস করেন বিজেপি নেতা শাখারভ সরকার। তাঁর দাবি, শনিবার থেকেই রাম মন্দির প্রতিষ্ঠার পথচলা শুরু হল। শিলাপুজো সম্পন্ন হয়েছে, সামনে বৃহত্তর পরিসরে ভূমিপুজোর আয়োজন করা হবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 December 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বেলডাঙায় (Beldanga) তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক (TMC Suspended MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir) মসজিদের শিলান্যাস করেছেন। এই অনুষ্ঠান নিয়ে বা মসজিদ প্রতিষ্ঠা নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক চরমে, ঠিক সেই সময়েই বহরমপুরে ‘রাম মন্দির’ (Ram Temple) নির্মাণের কর্মযজ্ঞ চলল। বানজেটিয়ার মনীন্দ্রনগর এলাকায় আয়োজন করা হয় এই মন্দিরের শিলান্যাস।
এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শিলান্যাস করেন বিজেপি নেতা (BJP Leader) শাখারভ সরকার। তাঁর দাবি, শনিবার থেকেই রাম মন্দির প্রতিষ্ঠার পথচলা শুরু হল। শিলাপুজো সম্পন্ন হয়েছে, সামনে বৃহত্তর পরিসরে ভূমিপুজোর আয়োজন করা হবে। শুধু ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি বিজেপি নেতা। শিলান্যাসের মঞ্চে দাঁড়িয়েই তিনি তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
বেলডাঙার মসজিদ (Beldanga Masjid) বিতর্ককে সামনে এনে তাঁর অভিযোগ - ওটা শুধু হুমায়ুন কবীরের উদ্যোগ নয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যুক্ত আছেন। একই সঙ্গে জেলার শিল্পায়ন ও কর্মসংস্থানের খামতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শাখারভ সরকারের কটাক্ষ, মুর্শিদাবাদে এতদিনে একটি শিল্পও কেন দাঁড়াল না, তার জবাব মুখ্যমন্ত্রী এবং জেলার কুড়ি জন বিধায়কেরই দিতে হবে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও (Sukanta Majumder) মসজিদ তৈরির ইস্যুতে মুখ খুলে বড় দাবি করেছেন। স্পষ্ট জানিয়েছেন, মুর্শিদাবাদে তাঁরা রাম মন্দির করবেন, ভবিষ্যতে বড় করে প্রাণ প্রতিষ্ঠা করা হবে।
প্রসঙ্গত, হুমায়ুন কবীর মসজিদের শিলান্যাস করে হুঙ্কারের সুরে বলেছেন, ''কেউ যদি এই মসজিদের ইট খুলতে আসে... শহিদ হব তাও এর একটা ইটও খুলতে দেব না। মুর্শিদাবাদের মাটিতে (Murshidabad) উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বা মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে এসে কেউ ইট খোলার চেষ্টা করবে, হতে দেব না।''
মসজিদ নির্মাণের জন্য মোট বাজেট ৩০০ কোটি (300 Crores) টাকা বলে জানিয়েছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। কিন্তু এত টাকার জোগান কীভাবে সম্ভব, সেই প্রশ্ন ওঠার পরপরই অনুদানের কথা জানিয়েছিলেন তিনি। এদিন ভিত্তিস্থাপনের অনুষ্ঠান মঞ্চ থেকে হুমায়ুন ফের জানান, ভারতের এক অনেক বড় শিল্পপতি (Industrialist) তাঁকে ফোন করে আশ্বাস দিয়েছেন, মসজিদ নির্মাণে ৮০ কোটি টাকা দেবেন। এই পরিপ্রেক্ষিতেই তাঁর হুঙ্কার, এরপর কে রুখবে বাবরি মসজিদ নির্মাণ, কে আটকাবে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নির্মাণ?