পুলিশ এখন খতিয়ে দেখছে কার্ডগুলি আসল না নকল, এবং কীভাবে সেগুলি ওই ব্যক্তির হাতে এল। কল্যাণীর মহকুমা শাসক (এসডিও)-কে ইতিমধ্যেই জানানো হয়েছে, নির্বাচন কমিশনকেও ঘটনার কথা জানানো হবে বলে সূত্রের খবর।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 October 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার (Nadia) কল্যাণীতে (Kalyani) অদ্ভুত ঘটনা। শুক্রবার মাঝেরচর এলাকায় এক ভবঘুরের ব্যাগ থেকে শতাধিক ভোটার কার্ড (Voter Cards) উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে প্রবল কৌতূহল, আর রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরচর অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এলাকার দুই বাসিন্দা এক অচেনা ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁরা জিজ্ঞাসাবাদ করতেই ব্যক্তি অস্বস্তিতে পড়ে যান। ব্যাগ (Bag) খুলেতেই দেখা যায়, ভিতরে রয়েছে শতাধিক ভোটারের পরিচয়পত্র!
এরপরই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কিছু ভোটার কার্ড পশ্চিমবঙ্গের (West Bengal) নয়, প্রতিবেশী রাজ্য অসমের (Assam)।
কল্যাণী থানার আইসি দেবাশিস পাণ্ডে জানান, “ধৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। জিজ্ঞাসাবাদে তিনি কোনও সঠিক উত্তর দিতে পারেননি। তবে ঘটনাটির তদন্ত চলছে।”
পুলিশ এখন খতিয়ে দেখছে কার্ডগুলি আসল না নকল, এবং কীভাবে সেগুলি ওই ব্যক্তির হাতে এল। কল্যাণীর মহকুমা শাসক (এসডিও)-কে ইতিমধ্যেই জানানো হয়েছে, নির্বাচন কমিশনকেও ঘটনার কথা জানানো হবে বলে সূত্রের খবর।
অন্য এক পুলিশ আধিকারিক বলেন, “এত সংখ্যক ভোটার কার্ড, তার মধ্যে কিছু অন্য রাজ্যের। এই কার্ডগুলি কল্যাণীর রাস্তায় এল কীভাবে, কারা রেখেছিল, কেন রেখেছিল - এসব প্রশ্নের উত্তরই আমরা খুঁজছি।”
ঘটনাটি ঘিরে রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। কল্যাণীর বিজেপি নেতৃত্বের অভিযোগ, এটা কোনও একক ঘটনা নয়। ভোটার তথ্য ও নথিপত্র কীভাবে অপব্যবহার হচ্ছে, সেটাই স্পষ্ট হচ্ছে এতে। প্রত্যুত্তরে কল্যাণী টাউন তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি করে বলে, বিজেপি অযথা আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।
তবে উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির নেপথ্যে বড় কোনও চক্র সক্রিয় কি না, তা জানতে তল্লাশি চলছে জোরকদমে।