মঞ্চের পাশেই হাজির ছিলেন একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক, কিন্তু কেষ্টকে ব্যারিকেডেই আটকে দিল কলকাতা পুলিশ।

শেষ আপডেট: 21 July 2025 00:45
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই শহিদ দিবসের আগে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বর সাজিয়ে তোলা হয়েছে সাড়ম্বরে। প্রতিবছরের মতো এবারও তৈরি হয়েছে ত্রিস্তরীয় মঞ্চ। সেই মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বিকেলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সঙ্গে দেখাই হল না তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের।
মঞ্চের পাশেই হাজির ছিলেন একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক, কিন্তু কেষ্টকে ব্যারিকেডেই আটকে দিল কলকাতা পুলিশ। শুধু অনুব্রত নন, বজবজের প্রবীণ বিধায়ক অশোক দেব, প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, আখরুজ্জমান এবং ইমানী বিশ্বাসকেও মূল মঞ্চের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। উল্টোদিকে, দলনেত্রীর আত্মীয়, ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় দিব্যি পৌঁছে যান মঞ্চের সামনে।
বিকেল সাড়ে ৪টের কিছু পর মঞ্চের কাছে পৌঁছন অনুব্রত। পুলিশ তাঁকে ব্যারিকেডে আটকে দেয়। কিছুক্ষণ পর, শরীর খারাপের কথা জানিয়ে ভিতরে প্রবেশের অনুরোধ করেন কেষ্ট। তবুও অনুমতি মেলেনি। শেষে পুলিশের পরামর্শে অন্য পথে সভাস্থল ছেড়ে বেরিয়ে যান তিনি। পরে জানা যায়, মঞ্চে দিদি হাজির হন তাঁর চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর।
রাজনৈতিক মহলে এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে— দলনেত্রী কি এখনও রুষ্ট অনুব্রতের উপর? কারণ, কিছুদিন আগে এক পুলিশ অফিসারকে ফোনে গালাগাল করে তাঁর স্ত্রী ও মাকে কটূক্তি করেছিলেন অনুব্রত, যা প্রকাশ্যে আসার পর থেকেই দলনেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। অনেকেই বলাবলি করছেন, আজকের অদেখা উপাখ্যান হয়তো তারই রেশ।
অন্যদিকে, মঞ্চের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন শহিদ দিবসের মাহাত্ম্য। বলেন, “ বছরে একটিই অনুষ্ঠান করে তৃণমূল। এখানেই দলের কর্মীরা পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন। রক্তের নদী বয়ে গিয়েছিল। বিরোধীদের নিশানা করে বলেন, “আমরা কারও প্রোগ্রামে বাধা দিই না, অথচ ওরা আমাদের শহিদ দিবসের দিনেও প্যারালাল প্রোগ্রাম করতে চায়।”
বাংলাভাষীদের প্রতি অবিচারের অভিযোগ তুলে তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বললেই জেলে পুরে দেওয়া হচ্ছে। আমি সব রাজ্যের মানুষকে সম্মান করি, কিন্তু বাংলার মানুষদের কণ্ঠরোধ করার অধিকার কারও নেই।”
সভামঞ্চ থেকে দলনেত্রী স্পষ্ট বার্তা দেন, ২১ জুলাই কোনওদিন বন্ধ হবে না। প্রতি বছর শহিদদের স্মরণে এই অনুষ্ঠান হবে মানে হবেই।