পুলিশের আক্রান্ত হওয়ায় খবর এই নতুন নয়। এর আগেও একাধিকবার এই ছবি সামনে এসেছে। গতমাসেই মালদহে অভিযুক্ত এক যুবককে গণধোলাইয়ের হাত থেকে বাঁচাতে গিয়ে মার খেতে হয় পুলিশকে।

ডোমকলে আক্রান্ত পুলিশ
শেষ আপডেট: 24 September 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: ফের আক্রান্ত পুলিশ! মুর্শিদাবাদের ডোমকলে জুয়ার আসর ভাঙতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন এক পুলিশকর্মী (Police attacked by villagers in Domkal)। তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, মারধরও করেন তাঁরা। পুলিশকর্মীর কোনও কথাই শোনেননি কেউ। কী কারণে এত ক্ষোভ জমল স্থানীয় গ্রামবাসীদের মধ্যে?
জানা গেছে, ঘটনাটি নওদা থানা এলাকার। নদীর ধারে জুয়ার আসর বসেছে, এই খবর পেয়ে বুধবার দুপুরে হানা দেয় পুলিশের একটি দল। তাঁদের আসতে দেখে আসরে থাকা যুবকরা এদিক ওদিক ছুটতে শুরু করেন। পুলিশরাও তাঁদের ধরতে পিছু নেয়। এরইমধ্যে তাড়া খেয়ে এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়।
এই খবর পেয়েই নদীর কাছে যান গ্রামবাসীরা। পুলিশকর্মীকে আটকে রেখে শুরু হয় 'তাণ্ডব' (Police attacked by villagers in Domkal)। চারিদিক থেকে তাঁকে ঘিরে ফেলা হয়। নৌকায় তুলে ধাক্কা দেওয়া হয়। এমনকি নদী পাড়েই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। একটি ভিডিওতে প্রাণ বাঁচাতে কাকুতি মিনতি করতেও দেখা যায় পুলিশকর্মীকে।
পুলিশের আক্রান্ত হওয়ায় খবর এই নতুন নয়। এর আগেও একাধিকবার এই ছবি সামনে এসেছে। গতমাসেই মালদহে অভিযুক্ত এক যুবককে গণধোলাইয়ের হাত থেকে বাঁচাতে গিয়ে মার খেতে হয় পুলিশকে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি-সহ পাঁচ পুলিশ কর্মীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছিল। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও।
আরও একটি ঘটনা ঘটে মালদহতেই। এক তরুণীকে ইভটিজিং করার অভিযোগে যুবকের বিরুদ্ধে গ্রামে সালিশি সভা বসান এক তৃণমূল নেতা। পুলিশ সেখানে নিয়ে আইনমতো ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরপরই গ্রামবাসীদের একাংশ ওই তৃণমূল নেতার উস্কানিতে পুলিশীর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল।