জানা গেছে, এদিন ভোরে অসুস্থ শিশুকে নিয়ে এগরা মহকুমা হাসপাতালে যায় তার পরিবার। অভিযোগ, চিকিৎসকেরা গুরুত্ব দেয়নি। বিনা চিকিৎসায় কোলের শিশুটির মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের।

এগরায় আক্রান্ত শিক্ষক
শেষ আপডেট: 14 October 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ফের আক্রান্ত পুলিশ! শিশুমৃত্যুতে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের এগরায় (Child Death Protest)। একজন পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়ে অশান্তি (Police Attacked) থামানোর চেষ্টা করলে তাঁকেই মারধর করা হয় বলে অভিযোগ। ওই পুলিশকর্মীকে ঘিরে ধরে চড়-থাপ্পড় মারা হয়, এমনকি ছিঁড়ে দেওয়া হয় উর্দি।
জানা গেছে, সাত দিন আগে জ্বরে আক্রান্ত শিশুকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এদিন ভোরে তার মৃত্যু হয়। অভিযোগ, চিকিৎসকেরা গুরুত্ব দেয়নি। বিনা চিকিৎসায় কোলের শিশুটির মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের ওপর চড়াও হয় তারা। মুহূর্তের মধ্যে গোটা বিষয়টি বিক্ষোভ থেকে সংঘর্ষে পরিণত হয়।
বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার কর্তব্যরত পুলিশকর্মী। তিনি যেতেই ক্ষোভ উগরে দেন মৃত শিশুর পরিবারের লোকেরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারাই আবার ওই পুলিশকর্মীর উপর চড়াও হয়।
অভিযোগ, তাঁর উর্দি ধরে টানা হয়, একের পর এক চড় মারা হয়। এমনকি রাস্তায় ফেলেই ওই পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হয়।
ঘটনাস্থল থেকে এগরা থানার দূরত্ব প্রায় ১ কিলোমিটার। খবর পেয়ে সেখানে গিয়ে আহত পুলিশকর্মীকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশরা। অভিযুক্তরা এখনও পলাতক বলেই খবর। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, যে শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এত অশান্তি, সেদিকটিও খতিয়ে দেখছে পুলিশ।