দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক দশক ধরে বিক্ষোভ মিছিলে পাকিস্তানের কবি ফৈয়াজ আহমেদ ফৈয়াজের 'হম দেখেঙ্গে' গানটি গাওয়া হয়। সম্প্রতি কেউ কেউ দাবি করেছেন, গানটি হিন্দুবিরোধী। সত্যিই ওই গানে হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগার মতো কিছু আছে কিনা তানিয়ে তদন্ত করছে কানপুর আইআইটি।
কিছুদিন আগে ওই শিক্ষায়তনের কয়েকজন ছাত্র জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমর্থনে মিছিল বার করে। গত ১৫ ডিসেম্বর জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশি অভিযান হয়। তারপরে দেশের বিভিন্ন শিক্ষায়তনে ছাত্রছাত্রীরা 'পুলিশি দমনপীড়নের' প্রতিবাদ জানিয়েছে। ১৭ ডিসেম্বর কানপুর আইআইটিতে একদল ছাত্রছাত্রী ফৈয়াজ আহমেদ ফৈয়াজের 'হম দেখেঙ্গে' কবিতাটি পাঠ করেন। তারপর শুরু হয় মিছিল। কবিতা পাঠের ছবি ধরা পড়ে ক্যামেরায়।
কানপুর আইআইটি-র ডেপুটি ডায়রেক্টর মণীন্দ্র আগরওয়াল বলেন, "ফৈয়াজ আহমেদ ফৈয়াজকে কে চেনে?" পরে তিনি বলেন, "ভিডিও দেখে মনে হচ্ছে ওই কবিতায় হিন্দুদের ভাবাবেগ আহত হতে পারে।"
বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে আইআইটি-র জনৈক শিক্ষক অভিযোগ করেন। সে বিষয়ে তদন্ত করার জন্য কমিটি তৈরি হয়। সেই কমিটি তদন্ত করবে তিনটি বিষয়ে। প্রথমত, ছাত্ররা নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বার করেছিল কিনা। দ্বিতীয়ত, মিছিলের আগে সোশ্যাল মিডিয়ায় অবাঞ্ছিত কিছু পোস্ট করা হয়েছিল কিনা। তৃতীয়ত ফৈয়াজ আহমেদ ফৈয়াজের কবিতাটি হিন্দুবিরোধী কিনা।
ছাত্ররা জানিয়েছে, মিছিল শুরুর অল্প আগে আচমকাই নিষেধাজ্ঞা জারি করা হয়। আগে সবাইকে খবর দেওয়া হয়েছিল। তাই নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বার করা হয়।