নেহরু স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর সভা উপলক্ষে প্রশাসনের নির্দেশে মেলা গুটিয়ে নেওয়ার বার্তা মিলতেই মাথায় হাত পড়েছে শতাধিক ছোট ব্যবসায়ীর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 14 July 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর সফরের (NarendraModi) আগে রাজনীতির সাজ সাজ রব, আর তাতেই ছন্দপতন দুর্গাপুরের রথের মেলায় (Durgapur, RathMela)। নেহরু স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর সভা উপলক্ষে প্রশাসনের নির্দেশে মেলা গুটিয়ে নেওয়ার বার্তা মিলতেই মাথায় হাত পড়েছে শতাধিক ছোট ব্যবসায়ীর।
রাজীব গান্ধী ময়দানে চলছিল রথ উপলক্ষে বার্ষিক মেলা। সাধারণত সরকারি মেলা শেষের পরও কিছুদিন অব্যাহত থাকে বিক্রির আশায়। কিন্তু এবার মেলা শেষের আগে মাঠ ফাঁকা করার নির্দেশ এসেছে। কারণ, প্রধানমন্ত্রীর সভাস্থলের পাশে এই ময়দানেই করা হবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
মেলায় পাঁপড় বিক্রি করা শঙ্কু দুবের আক্ষেপ, “বৃষ্টির জন্য আগেই ব্যবসা হয়নি, এখন আবার সময়ের আগেই বন্ধ করতে হচ্ছে। আড়াই হাজার টাকা দিয়েছিলাম স্টল ভাড়ায়, সব জলে গেল।”
আচার বিক্রেতা সুবল অধিকারী বলছেন, “এত বছর ধরে এই মেলায় আসছি, কিন্তু এমন ক্ষতি কোনওদিন হয়নি।”
মেলা কমিটির সম্পাদক তপন মুখোপাধ্যায়ের মতে, “আমরা মাইকিং করে সতর্ক করছি। রাজনৈতিক কারণে নয়, প্রশাসনিক সিদ্ধান্তে মেলা গুটিয়ে নেওয়া হচ্ছে।”
বিজেপির স্থানীয় নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, “এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত, বিজেপির কোনও ভূমিকা নেই।” এ ব্যাপারে অবশ্য জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।