২০২৪ সালের ২৭ নভেম্বর অশোকনগর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন এক মহিলা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 13 July 2025 21:04
দ্যা ওয়াল ব্যুরো: বেড়াতে নিয়ে গিয়ে শ্যালিকাকে ধর্ষণ, তার পর ভাড়াবাড়িতে আটকে রেখে দিনের পর দিন শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত জামাইবাবুকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের ২৭ নভেম্বর অশোকনগর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন এক মহিলা। তিনি জানান, তাঁর নাবালিকা কন্যা বেশ কিছু দিন ধরে নিখোঁজ। আত্মীয়-পরিজনের কাছে খোঁজ করেও কোনও লাভ হয়নি।
এর কিছু দিন পর কিশোরী বাড়ি ফিরে আসে। পরে মাকে সঙ্গে নিয়ে ফের থানায় যায়। সেখানেই এক আত্মীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে সে। অভিযোগ, তার দিদির স্বামী তাকে একাধিকবার যৌন হেনস্থা করেছে।
কিশোরীর দাবি, এক বার তাকে দিঘা বেড়াতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। সেখান থেকেই শুরু হয় অত্যাচার। পরে হাবরার একটি ভাড়াবাড়িতে আটকে রেখে দিনের পর দিন ভয় দেখিয়ে তাকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ।
ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তারপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মানিকতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ধৃতের ১০ দিনের হেফাজত চেয়ে বারাসত আদালতে আবেদন জানিয়েছে। তদন্তকারীরা জানিয়েছে, নাবালিকার মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি, তার জবানবন্দিও রেকর্ড করানো হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।