
নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 14 April 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ আইনের (Waqf Bill) বিরোধিতায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বাংলায় (West Bengal)। মূলত হত শুক্রবার থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ, ভাঙড় উত্তপ্ত হয়। হিংসার ঘটনায় একাধিকের মৃত্যু হয়েছে, অনেক মানুষ আহত। মুর্শিদাবাদের প্রচুর মানুষ ঘরছাড়াও। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)! এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন, তিনি বা তাঁর সরকার ওয়াকফ আইন মানেন না। বাংলায় এই আইন লাগু হবে না। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। জেলায় জেলায় অশান্তি হচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিজেপি বিধায়কের দাবি, চলতি মাসেই রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী এবং বেশকিছু সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশপাশি জনসভাও করবেন তিনি। সব ঠিক থাকলে এপ্রিলের তৃতীয় সপ্তাহেই বাংলায় পা রাখবেন নরেন্দ্র মোদী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জানিয়েছেন, তিনি বাংলায় আসবেন। তবে কবে, কোথায় আসবেন তা এখনও ঠিক হয়নি। ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে।
এই মুহূর্তে রাজ্যের কয়েকটি জেলায় উত্তেজনা এখনও বহাল রয়েছে ওয়াকফ আইন ইস্যুতে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার সবরকম চেষ্টা চলছে। গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোথাও কোনও রকম উত্তেজনা ছড়ায়নি। ওয়াকফ-অশান্তির জেরে যে ঘটনা ঘটেছে তার জন্য ইতিমধ্যে ২০০-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে, বাড়ছে এফআইআরের সংখ্যাও। এমনটাই জানিয়ে রাজ্য পুলিশ।
এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমের কথায়, ''কোনও রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনব দোষীদের। কিন্তু শাস্তি দেবই।''