সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলির পুরুষ শিক্ষক ও শিক্ষাকর্মীরা এবার থেকে পিতৃত্বকালীন ও চাইল্ড কেয়ার লিভের সুবিধা পাবেন।

মাদ্রাসা
শেষ আপডেট: 11 July 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলির পুরুষ শিক্ষক ও শিক্ষাকর্মীরা এবার থেকে পিতৃত্বকালীন ও চাইল্ড কেয়ার লিভের (paternity and childcare leave) সুবিধা পাবেন। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ (Madrasa)।
নতুন নির্দেশিকা অনুযায়ী, চাকরি জীবনের মোট ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন সংশ্লিষ্ট কর্মীরা। যদিও এই ছুটির সুবিধা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থাকা স্কুলগুলির শিক্ষকরা ২০১৮ সাল থেকেই পেয়ে আসছেন, মাদ্রাসা শিক্ষক ও কর্মীদের ক্ষেত্রে এত দিন পর্যন্ত কোনও নির্দিষ্ট নির্দেশিকা ছিল না। ফলে অনেক ক্ষেত্রেই তাঁদের সেই সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে।
পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানিয়েছেন, “এত দিন জেলা স্কুল পরিদর্শকদের বিবেচনায় কিছু শিক্ষক পিতৃত্বকালীন ছুটি পেতেন। কিন্তু নির্দিষ্ট বিজ্ঞপ্তি না থাকায় অনেকেই জানতেন না বা পাননি। এখন থেকে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য হবে।”
তবে শিক্ষকমহলের একাংশের প্রশ্ন, অর্থ দফতর বহু আগেই এই ছুটির কথা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছিল। এমনকি সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে তা চালু হয়েছে ২০১৮ সালেই। তাহলে মাদ্রাসা পর্ষদের পক্ষ থেকে এতদিনেও ‘ম্যাচিং অর্ডার’ কেন জারি করা হয়নি?
এই সিদ্ধান্তে মাদ্রাসার শিক্ষকদের মধ্যে স্বস্তি ও আশার আলো দেখা দিলেও, প্রশাসনিক দিক থেকে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। তাদের দাবি, পর্ষদের আরও সক্রিয় ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ধরনের বৈষম্য না ঘটে।