লিখেছেন, “আমি কার কাছ থেকে টাকা নিয়েছি? আমার নামে কেউ টাকা নিয়েছে কি না, জানাতে অনুরোধ করছি।”

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 12 November 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: তিন বছর তিন মাস ১৯ দিনের জেলজীবনের পর মঙ্গলবার বাড়ি ফিরেই যেন আবার নিজের পুরনো ছন্দে ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবার ভোরের আলো ফোটার আগেই বেহালা (পশ্চিম)-এর বিধায়কের কলম ছুঁয়ে পৌঁছে গেল এক খোলা চিঠি তাঁর ভোটভিত্তির মানুষের কাছে। জেলবন্দি জীবনের দীর্ঘ অধ্যায় শেষে বেহালাবাসীর সঙ্গে সম্পর্ক মেরামতে উদ্যোগী ‘দুযারে বিধায়ক’!
চিঠিতে পার্থর প্রশ্নের পর প্রশ্ন । লিখেছেন, “আমি কার কাছ থেকে টাকা নিয়েছি? আমার নামে কেউ টাকা নিয়েছে কি না, জানাতে অনুরোধ করছি।” প্রাক্তন মন্ত্রীর আক্ষেপ, “আমার সততার ছবিকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করল, তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ।”
তাৎপর্যপূর্ণভাবে, বাড়িতে ফিরে প্রশাসনিক দায়িত্বেও যেন ফের সক্রিয় পার্থ। বুধবারই বেহালার (Behala) বাড়িতে বসে পূরণ করলেন SIR-এর এনুমারেশন ফর্ম। দীর্ঘ রাজনৈতিক বিরতির পর এই দৃশ্য যেন তাঁর প্রত্যাবর্তনের প্রতীক।
চিঠিতে নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়নের খতিয়ান তুলে ধরে পার্থ লেখেন, “বেহালাবাসীর আশীর্বাদেই পাঁচ বার জয় পেয়েছি। মিথ্যা অপবাদে আমার সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। আমার ছবিকে আপনারাই উদ্ধার করুন।”
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গভীর রাতে পার্থকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার কয়েকদিন পরেই তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। জেলমুক্তির পর মঙ্গলবারই এ ব্যাপারে দলের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ পাঠিয়েছেন আরও এক চিঠি— জানতে চেয়েছেন, দলের কোন ধারায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।
যা থেকে স্পষ্ট, রাজনীতির ময়দানে দীর্ঘ বিরতির পর ফের সক্রিয় হচ্ছেন পার্থ। অনেকের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজের অবস্থান স্পষ্ট করতে এবং বেহালাবাসীর হৃদয় জয় করতে চেষ্টায় নামলেন এক সময়ের তৃণমূলের মহাসচিব।