গত ৩-৪ বছরের মধ্যে আজাদের অ্যাকাউন্টে প্রায় ৫০ কোটি টাকা ঢুকেছে বলে দাবি তদন্তকারীদের। জাল পাসপোর্ট ও ভিসা তৈরির বিনিময়েই আজাদ এত অল্প সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ কামিয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 13 May 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের হাতে নিরীহ পর্যটকদের খুন হওয়ার পরই উত্তর ২৪ পরগনার বিরাটি বাঁকড়া এলাকা থেকে আজাদ মল্লিককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নিজেকে বাংলাদেশি বলে দাবি করা আজাদ আদতে যে পাকিস্তানের বাসিন্দা, তা আগেই জানিয়েছিল ইডি। ধৃতর বাড়িতে তল্লাশি চালিয়ে পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন তদন্তকারীরা। এবার তদন্তে নেমে আজাদ সম্পর্কে আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য আদালতে পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালতে ইডি জানিয়েছে, নাম পরিচয় ভাঁড়িয়ে বাংলার দুটি আলাদা বিধানসভা কেন্দ্র থেকে নিজের ভোটার আই কার্ড এবং দুটি পৃথক ড্রাইভিং লাইসেন্সও তৈরি করেছিল সে। ধৃতর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর জাল ভিসা এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। একই সঙ্গে গত ৩-৪ বছরের মধ্যে আজাদের অ্যাকাউন্টে প্রায় ৫০ কোটি টাকা ঢুকেছে বলে দাবি তদন্তকারীদের। জাল পাসপোর্ট ও ভিসা তৈরির বিনিময়েই আজাদ এত অল্প সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ কামিয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
আদালতে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ জানান, আজাদের একটি ভোটার কার্ড নৈহাটির এবং অন্যটি রাজারহাট গোপালপুরের। দুটো ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। একই সঙ্গে ধৃতর মোবাইল থেকে ২৬হাজার অডিও ফাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। যেখানে লেনদেন সংক্রান্ত একাধিক কথোপকথন রয়েছে বলে দাবি তদন্তকারীদের।