
শেষ আপডেট: 3 July 2023 04:32
দ্য ওয়াল ব্যুরো: রবিবার মহারাষ্ট্রে বিরোধী জোটে বড় ধাক্কা লেগেছে। আর সেই ধাক্কা যেন প্রকারান্তরে এসে পড়েছে জাতীয় স্তরে বিরোধী জোটে। লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে কংগ্রেস, উদ্ধব ঠাকরে ও এনসিপি মিলে বিজেপিকে ধাক্কা দিতে পারে বলে অনেকে ধরে নিচ্ছিলেন। বিজেপির মধ্যেও তা নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছিল। এরই মধ্যে রবিবার এনসিপি নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো মহারাষ্ট্রে বিজেপি-শিণ্ডে সরকারে সামিল হয়েছেন। রাতারাতি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। এর পরই জানা গেল, জাতীয় স্তরে বিরোধী জোটের বৈঠক ফের পিছিয়ে দেওয়া হয়েছে।
পাটনায় গত ২৩ জুন সর্বভারতীয় স্তরে প্রায় সমস্ত বিরোধী দল বৈঠকে বসেছিল। সেই বৈঠকের আয়োজক নীতীশ কুমার হলেও নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনা বৈঠক শেষে নীতীশ জানিয়েছিলেন, এর পরের বৈঠক হবে হিমাচল প্রদেশের সিমলায়। কংগ্রেস হবে বৈঠকের আয়োজক দল।
কিন্তু কদিন আগে এনসিপি নেতা শরদ পাওয়ার জানান, পরবর্তী বৈঠক সিমলায় হবে না। তা হবে বেঙ্গালুরুতে ১৩ থেকে ১৪ জুলাই বেঙ্গালুরুতে ওই বৈঠক হবে। ওই বৈঠকে জোটের খুঁটিনাটি স্থির হবে।
কিন্তু রবিবার মহারাষ্ট্রে মহানাটকীয় ঘটনা ঘটে যাওয়ার পর সোমবার নীতীশের সংযুক্ত জনতা দলের মুখপাত্র ও নেতা কেসি ত্যাগী জানান, সংসদের অধিবেশন শুরু হবে ২০ জুলাই থেকে। তা ছাড়া কর্নাটক ও বিহারে বিধানসভার বাদল অধিবেশনও ওই সময়ে চলবে। তাই বিরোধী জোটের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। সংসদের বাদল অধিবেশন শেষ হলে জোটের বৈঠক হবে।
প্রশ্ন হল, কবে হবে ওই বৈঠক? কেসি ত্যাগী বলেন, তা এখনও স্থির হয়নি।
বস্তুত সিমলার পরিবর্তে বেঙ্গালুরুতে বৈঠক সরানোর ব্যাপারে শরদ পওয়ারের ঘোষণায় আবার অসন্তুষ্ট ছিলেন অনেকেই। এক আঞ্চলিক দলের নেতা দ্য ওয়ালকে বলেন, পাওয়ার এই ঘোষণা করার কে? কংগ্রেস আয়োজক দল, নীতীশ কুমার জোটের আহ্বায়ক। এর মধ্যে থেকে পাওয়ার এক তরফা ভাবে যে ঘোষণা করছেন তা ঠিক নয়।
সেই পাওয়ার ও তাঁর ভাইপোর কাণ্ডকারখানাতেই জোটের বৈঠক পিছিয়ে গেল কিনা সেই কৌতূহলই জাতীয় রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে।
অজিত সহ ৯ জনের বিধায়ক পদ খারিজের আবেদন এনসিপির, সুপ্রিয়া বললেন, পরিবারে অশান্তি নেই