এই নির্দেশিকা জারি করেও রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফার এই নির্দেশের আওতায় পড়বে না। স্বাভাবিক নিয়মেই চলবে মিউচুয়াল বদলির প্রক্রিয়া।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 June 2025 22:26
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক বদলির (Teachers Transfer) অনলাইন প্রক্রিয়া আপাতত বন্ধই থাকছে। উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে বদলির আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় স্থগিতাদেশ ছ’মাস বাড়াল রাজ্য সরকার (State Govt)। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে অনলাইন বদলির এই ব্যবস্থা।
এই নির্দেশিকা জারি করেও রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফার (Mutual Transfer) এই নির্দেশের আওতায় পড়বে না। স্বাভাবিক নিয়মেই চলবে মিউচুয়াল বদলির প্রক্রিয়া।
কী বলছে নতুন নির্দেশিকা?
শুক্রবার, ৩০ জুন জারি হওয়া শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ প্রশাসনিক পরিস্থিতি ও আইনি পরামর্শের ভিত্তিতে উৎসশ্রী পোর্টালের অনলাইন বদলির প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাজ্য সরকার এক নির্দেশিকায় ৩০ জুন ২০২৫ পর্যন্ত বদলির অনলাইন আবেদন স্থগিত করেছিল। এবার সেই সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে দেওয়া হল।
আইনি ভিত্তি ও প্রশাসনিক ব্যাখ্যা
নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা আইন, ১৯৭৩-এর ধারা ১০৭ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্যপালের অনুমোদন রয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে, স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা বোর্ডের অ্যাড-হক কমিটি, সমস্ত জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের কাছে।

শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বদলি নিয়ে অতিরিক্ত ভিড়, প্রশাসনিক জটিলতা এবং অব্যবস্থার আশঙ্কা ছিল। সেই কারণেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে।
তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। আগের নিয়মেই সেগুলি চলবে।