বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন সিট গঠন করে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তদন্ত হবে। বস্তুত, শেখ শাহজাহানে বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল।

কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 30 June 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে বিজেপি কর্মীদের খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। সিট গঠন করে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যুগ্ম অধিকর্তার নেতৃত্বে সিট গঠন করে তদন্ত হবে।
২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সন্দেশখালির ভাঙ্গিপাড়া গ্রামে রাজনৈতিক রেষারেষির আগুন ধিকিধিকি জ্বলছিল। ৮ জুন সেই আবহে সন্দেশখালিতে দু'জন বিজেপি কর্মী ও একজন তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে প্রাণ যায় তিনজনের। দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে গুলি করে খুন করা হয়। মাথায় গুলি লেগে মৃত্যু হয় কায়ুম আলি মোল্লা নামে এক তৃণমূল কর্মীরও।
বিজেপি কর্মীর পরিবারের সদস্য দেবদাস মণ্ডল নিখোঁজ ছিলেন। মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সে সময়। শাহজাহানের নাম দিয়েই অভিযোগ করা হয়েছিল। পরে মামলা সিআইডি হাতে নেয়। আদালতে যখন চার্জশিট পেশ হয়, তখন দেখা যায় শাহজাহানের নামটিই বাদ দিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যার নেপথ্য নায়ক হিসাবে সন্দেশখালির ‘বাদশাহ’ শেখ শাজাহানের নাম উঠে আসে বারবার। স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্ব, প্রত্যেকেই অভিযোগ করেন, এই হামলাটি চালানো হয়েছে শেখ শাজাহানের নির্দেশেই। দু’দিন জোর চাপানউতোর চলে এই ঘটনাকে ঘিরে।
বস্তুত, গত বছর ৫ জানুয়ারি তল্লাশিতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের দলবলের হাতে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনায় এখন গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন শাহজাহান। জামিনের শুনানি চলছে হাইকোর্টে। সেই আবহেই এবার তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করতে চলেছে।