অভিযুক্ত কেউ আর নয়, তারই এক বান্ধবীর বাবা। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা। অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 June 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের (Sandeshkhali Rape) অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযুক্ত কেউ আর নয়, তারই এক বান্ধবীর বাবা। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা। অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী মামার বাড়িতে থাকে, কারণ তার বাবা-মা কাজের সূত্রে বাইরে থাকেন। রবিবার দুপুরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পাশ দিয়ে যাওয়া কয়েক জন মহিলা নাবালিকার কান্না শুনে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। অভিযুক্ত তখনই পালিয়ে যায়। স্থানীয়রাই কিশোরীকে হাসপাতালে ভর্তি করান।
পরিবারের তরফে ন্যাজাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, অভিযুক্ত ব্যক্তি আগেও একাধিকবার এই ধরনের আচরণ করেছে, তবে ভয় দেখিয়ে মেয়েটিকে চুপ করিয়ে রাখা হয়েছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের ছবি ও পরিচয় বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। শীঘ্রই তাকে ধরা হবে বলে আশ্বাস ওসির।
এই ঘটনার রাজনৈতিক প্রতিধ্বনি পড়েছে। স্থানীয়দের মধ্যে অনেকে দাবি করেছেন, অভিযুক্ত আইএসএফ-ঘনিষ্ঠ। এই বিষয়ে তৃণমূল নেত্রী সিরিয়া পারভীন বলেন, “ঘটনাটি মর্মান্তিক। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি।” অন্যদিকে, আইএসএফ নেতা মুসা করিম এর প্রতিবাদ করে বলেন, “এই ঘটনায় আমাদের দলের কোনও সম্পর্ক নেই। তৃণমূল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক লাভ তুলতে আমাদের দোষারোপ করছে।”
এই জঘন্য ঘটনার তদন্তে জোর দিয়েছে পুলিশ। অন্যদিকে সমাজের নানা মহলে এই ঘটনার নিন্দা চলছে। দ্রুত বিচার এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।