
শেষ আপডেট: 12 October 2023 19:44
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বোমা বাঁধতে গিয়ে সেই বোমা হাতে ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে অনেকদিন হল। এখন চলছে পুজোর মরশুম। উৎসবের আবহে বোমা-গুলির দৌরাত্ম্য যে রমরমিয়ে চলছে এই ঘটনা তারই প্রমাণ।
হরিহরপাড়ার খলিলাবাদ গ্রামের বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে কয়েকজন মাঠে বোমা বাঁধছিল। বোমা ফেটে যাওয়ার কারণেই সকলে এই কীর্তিকলাপ টের পায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাজিজুল শেখ। সে লোচনমাটি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামের একটি চাষের জমিতে আচমকাই বিস্ফোরণ হয়। বোমা ফাটার আওয়াজ পেয়ে ছুটে যান গ্রামবাসীরা। গিয়ে দেখেন, সেখানে বোমা বাঁধা হচ্ছিল। বোমা বাঁধার সরঞ্জামও পড়ে থাকতে দেখেন তাঁরা।
গ্রামবাসীদের অনুমান, বেশ কয়েকজন মিলেই বোমা বাঁধছিল। কিন্তু অসাবধানতায় বোমা ফেটে যায়। এরপর কলাবাগানের কাছে দুজনকে জখম অবস্থায় খুঁজে পান গ্রামবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। পুজোর মরশুমে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হরিহরপাড়ায়। গ্রামবাসীদের দাবি, এলাকায় অশান্তি ছড়াতেই বোমা বাঁধা হচ্ছিল। তাঁরা এই আতঙ্ক থেকে নিষ্কৃতি পেতে চান। তাই প্রশাসনের কাছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশও এই ঘটনা তদন্ত শুরু করেছে।