দ্য ওয়াল ব্যুরো : বুধবারই ব্যাঙ্কগুলির খারাপ অবস্থার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে দায়ী করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার সেই মন্তব্যের জবাব দিলেন মনমোহন। এদিন তিনি মহারাষ্ট্রে ভোটের প্রচারে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমে তিনি বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে কিছু বলবেন না। পরে তিনি বলেন, সরকার এখনও অর্থনীতির রোগটা ধরতেই পারেনি।
মুম্বইতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় মনমোহন বলেন, সরকারের নীতির জন্যই বেকারত্ব বাড়ছে। চাষিরা আত্মহত্যা করছেন। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের সভায় অর্থমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির হাল সবচেয়ে খারাপ হয়েছিল মনমোহন সিং ও রঘুরাম রাজনের সময়। এদিন মনমোহন বলেন, অর্থনীতিকে চাঙ্গা করার আগে বুঝতে হবে কেন তা ঝিমিয়ে পড়েছে। সরকার চাইছে কারও ওপর দোষ চাপাতে। এভাবে অর্থনৈতিক অচলাবস্থার কোনও সমাধান পাওয়া যাবে না।
মহারাষ্ট্রের অর্থনীতির হাল সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই রাজ্যে এবার ডবল ইঞ্জিনে সরকার চলবে। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে। এর ফলে বাড়বে উন্নয়নের গতি। কিন্তু বাস্তবে সেই ডবল ইঞ্জিন মডেল ব্যর্থ হয়েছে।
নির্দিষ্ট তথ্য দিয়ে তিনি বলেন, মহারাষ্ট্রে ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিকাশ গত চার বছর ধরে কমছে। গত পাঁচ বছরে রাজ্যে যতগুলি কারখানা বন্ধ হয়েছে আগে কখনও হয়নি। রাসায়নিক, সার এবং ইলেকট্রনিক্স সামগ্রীর আমদানিও কমেছে। কৃষির দূরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার বলেছিল চাষিদের আয় হবে ডবল। কিন্তু বাস্তবে চাষিদের আত্মহত্যার হার বেড়েছে। শিল্পের হাল খারাপ হওয়ায় যুবকরা কম বেতনের চাকরি নিতে বাধ্য হচ্ছেন।