দ্য ওয়াল ব্যুরো : দিল্লিতে সম্পত্তি কেনাবেচার ব্যবসা করতেন নরেন্দ্র গহলৌত। মঙ্গলবার বিকালে দ্বারকার ওল্ড পালাম বিহার রোডে নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি উঠেছিলেন এসইউভি-তে। এমন সময় হেঁটে গাড়ির পাশে দাঁড়াল একজন। গাড়ির জানলা দিয়ে গুলি চালাল। ব্যবসায়ী দ্রুত গাড়ি চালিয়ে পালাতে চেয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।
ব্যবসায়ীকে খুনের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। তাতে দেখা যায়, ৪৮ বছর বয়সী ওই ব্যবসায়ী গাড়ি চালিয়ে পালাতে চেষ্টা করলেন। কিন্তু গাড়িটা কিছুদূর এগিয়ে দাঁড়িয়ে গেল। তিনি গাড়ি থেকে নেমে দৌড়লেন। খুনি লাফ দিয়ে উঠল পার্ক করা আর একটা গাড়ির ওপরে। সেখান থেকে ফের গুলি চালাল।
https://twitter.com/AlokReporter/status/1176736364295053312
নরেন্দ্র গহলৌতকে কিছুক্ষণের মধ্যেই বেঙ্কটেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরে সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লি পুলিশের উচ্চপদস্থ অফিসার আন্তো আলফানসো বলেন, মৃত ব্যবসায়ীর নামেও খুনের মামলা আছে।
ঘটনার বিবরণ দিয়ে বলেন, আততায়ীরা সংখ্যায় ছিল দু'জন। তারা বাইকে চড়ে এসেছিল। তাদের মাথায় ছিল হেলমেট। একজন গুলি চালিয়েছে। মৃত ব্যবসায়ী দিল্লি পুরসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি।