
দিঘার জগন্নাথ মন্দির
শেষ আপডেট: 6 May 2025 23:57
দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে বিতর্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে। এবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সরাসরি চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অনুরোধ, দিঘার মন্দিরকে “জগন্নাথ ধাম” নামে যেন না ডাকা হয়। চিঠিতে ওড়িশার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পুরী জগন্নাথ ধাম শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ওড়িশার মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগের প্রতীক।
তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, দিঘার মন্দিরকে “জগন্নাথ ধাম” বলা হলে সাধারণ ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং ওড়িশাবাসীর ভাবাবেগে আঘাত লাগতে পারে। মোহন চরণ মাঝি তাঁর চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, রাজ্যের সদ্য নির্মিত দিঘার জগন্নাথ মন্দির থেকে 'ধাম' সরিয়ে ফেললে ভাল হয়।
উল্লেখ্য, সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি স্তরে সেই মন্দিরকে “জগন্নাথ ধাম” বলে উল্লেখ করা হয়, যার পর থেকেই ওড়িশার বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এদিকে দিঘার মন্দিরে জগন্নাথের বিগ্রহ তৈরিতে ব্যবহৃত নিম কাঠ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাঠ চুরি করে নাকি দিঘার মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে। এ ব্যাপারে তদন্তেও নেমেছিল ওড়িশা সরকার। তবে ওড়িশা সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, দিঘার মন্দিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।
মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভা থেক ওই প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, "আমাকে বলেছিল,. আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! যারা বলেছিলেন চুরি করেছি তারাই বলছেন, না এখান থেকে নেয়নি!"