এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে লোকাল ট্রেনের নিরাপত্তা। বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে। তাঁদের দাবি, প্রতিটি ট্রেনেই বাড়াতে হবে নজরদারি।

ফাইল ছবি।
শেষ আপডেট: 2 December 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধে। দত্তপুকুর স্টেশনে (Duttapukur Railway Station) তখন ভিড় জমেছে ডাউন লোকালের (Local train) অপেক্ষায়। সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা। ট্রেন ছাড়ার মুখে— ঠিক তখনই মহিলাদের চিৎকারে হুলস্থুল শুরু হয় প্ল্যাটফর্মে।
অভিযোগ, কামরার দরজার সামনে দাঁড়িয়ে মহিলা যাত্রীদের লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল এক যুবক। পরে ট্রাউজার্সের জিপ খুলে প্রকাশ্যেই আরও কুরুচিপূর্ণ কাণ্ড ঘটাতেও শুরু করে বলে অভিযোগ। মুহূর্তে আতঙ্ক ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা কামরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয়পুরমুখী কয়েক জন মহিলা যাত্রী প্রথমে চোখ ফিরিয়ে নিলেও যুবকের অশালীন আচরণ ক্রমশ বাড়তেই থাকে। অভিযোগ, মহিলাদের প্রতিক্রিয়া দেখেই যেন বাড়ছিল তাঁর ‘উৎসাহ’। দরজার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে যৌনাঙ্গ প্রদর্শন করতে থাকেন তিনি। কেউ প্রতিবাদ করলে উল্টে তাঁদের দিকেই তাকিয়ে কুরুচিকর ভঙ্গি করেন।
একসময় আর সহ্য হয়নি। কয়েক জন মহিলা সহযাত্রী হঠাৎ ঝাঁপিয়ে পড়েন ওই যুবকের ওপর। ট্রেন থেকে নামিয়েই শুরু হয় থাপ্পড়-চড়-লাথি। পরিস্থিতি এমনই বেগতিক হয় যে, স্টেশন লাগোয়া রেল পুলিশের অফিসের সামনে একটি খুঁটিতে বেঁধে তাঁকে মারধর করেন ক্ষুব্ধ যাত্রীরা।
শেষমেশ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় রেল পুলিশ। কোন ধারায় মামলা রুজু হবে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে লোকাল ট্রেনের নিরাপত্তা। বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে। তাঁদের দাবি, প্রতিটি ট্রেনেই বাড়াতে হবে নজরদারি, নইলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।