
শেষ আপডেট: 4 March 2023 04:43
দ্য ওয়াল ব্যুরো: সবে মার্চের শুরু। ভোরের বাতাসে এখনও হালকা শিরশিরানি, থাকছে কুয়াশাও। কিন্তু এর মধ্যেই খেল দেখাচ্ছে গরম। বেলা বাড়লেই গরম হাওয়ার হলকা বইছে রীতিমতো, সঙ্গে রয়েছে চড়া রোদ্দুর। সব মিলিয়ে দোলের আগেই পারদের কারসাজিতে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর (weather update)।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, এই পরিস্থিতি থেকে আপাতত মুক্তি মিলছে না। বরং ক্রমশই আরও ঊর্ধ্বমুখী হবে পারদ। এমনকী, মার্চের মাঝামাঝিতে তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প (humidity) বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের ও রাতের তাপমাত্রা, দুইই ক্রমশ বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। ভোরের শিরশিরানি উধাও তো হবে বটেই, সঙ্গে কলকাতা সহ উপকূলীয় জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলবে শিগগিরই। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৩৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সব মিলিয়ে এবার সাম্প্রতিক সময়ের মধ্যে উষ্ণতম দোলের সাক্ষী হতে চলেছে বাংলার মানুষ।
আগামী ৫ দিন হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিরও পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরের অন্য জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
ফি জমা দিতে পারেননি বাবা, মেয়েকে পরীক্ষায় বসতে দেয়নি স্কুল! বাড়ি ফিরে আত্মঘাতী নবমের ছাত্রী