
শেষ আপডেট: 17 July 2023 13:24
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন নজরে এল ভগবানপুরে। কাঁথি (Kanthi) লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানপুর। এখানেই পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই শুভেন্দুকে ভোট দেওয়ার আবেদন।
এদিন সকালে অনেকেই দেখতে পান দেওয়ালে লেখা, ‘কাঁথি লোকসভা কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই চিহ্নে ভোট দিন।’ পাশে আঁকা পদ্ম। যা বিজেপির প্রতীক। তলায় লেখা রয়েছে ‘১১২ নম্বর বড়বড়িয়া বিজেপি যুব মোর্চা কর্তৃক প্রচারিত।’ পঞ্চায়েত ভোটের পরেই এমন দেওয়াল লিখন দেখে আলোড়ন পড়ে এলাকায়। তবে শুভেন্দু অধিকারী নিজে বিষয়টিকে তৃণমূলের কাজ বলেই চিহ্নিত করেছেন। তাঁর কথায়, “আমাকে বিধানসভায় সামলাতে পারছে না ওরা। তাই লোকসভায় পাঠাতে চায়। এই দেওয়াল লিখনের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”
কাঁথির সাংসদ এখন শিশির অধিকারী। তাঁর সাংসদ পদ বাতিল করতে একাধিক বার লোকসভায় চিঠি দিয়েছে তৃণমূল। তাই ২০২৪ লোকসভা ভোটে শিশিরবাবুকে তৃণমূল প্রার্থী করবে না, এটা ধরেই নেওয়া যায়। তৃণমূলের টিকিটে তমলুকের সাংসদ ছিলেন শুভেন্দু। তিনি সাংসদ পদ থেকে সরে রাজ্যের মন্ত্রী হওয়ায় ওই কেন্দ্রে সাংসদ হন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। সম্প্রতি একাধিক সভা থেকে শুভেন্দুকে বলতে শোনা গেছে, কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী হবে বিজেপি। রবিবারই এই নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার ২৪ ঘণ্টার মধ্যে ভগবানপুরে এই দেওয়াল লিখন তৃণমূলের কাজ বলে অভিযোগ স্বয়ং শুভেন্দুর। পঞ্চায়েত ভোট মিটতেই আলোচনায় কিন্তু এসে গেল লোকসভা ভোট।
তৃণমূলের টোপ নিয়ে মধ্যস্থতা! বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক নালিশ পাঁশকুড়ার জয়ী প্রার্থীদের