
শেষ আপডেট: 25 October 2022 02:41
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশের মুখভার। ঘূর্ণিঝড় সিতরাংয়ের (Sitrang) প্রভাবে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও কয়েক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। এদিকে ভূখণ্ডের দিকে দ্রুত এগিয়ে আসছে সিতরাং। সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও সিতরাংয়ের প্রভাবে তুমুল ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, রাত ন'টার আগেই সিতরাং আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।
খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে সিতরাং। তবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বাংলাদেশে হওয়ায় পশ্চিমবঙ্গে তেমন বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হবে। তবে তার পরিমাণ খুবই কম। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টির তুলনায় হাওয়া বইবে বেশি। যদিও এই দুর্যোগের প্রভাব তেমন পড়বে না এইসব জেলাগুলিতে।
যেটুকু ক্ষতির আশঙ্কা তা সুন্দরবন এলাকাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রস্তুত এসডিআরএফ ও এনডিআরএফ দলও। দুই ২৪ পরগনা জেলার জারি করা হয়েছে কমলা সতর্কতা।
সোমবার রাত থেকেই দাপট শুরু করবে সিতরাং। এর ফলে উত্তর-পূর্ব দিক থেকে দমকা হাওয়া বইবে। মঙ্গলবার সকাল পর্যন্ত থাকবে আবহাওয়ার এমন অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোলবদল হবে আবহাওয়ার। কমবে বৃষ্টি। তবে এর জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিন সকাল থেকেই গর্জন শুরু হয়েছে সমুদ্রে। একদিকে সিতরাং, অন্যদিকে ভরা কোটাল এই দুইয়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। দীঘা সহ উপকূলবর্তী এলাকায় রাতভর নজরদারি চালানো হবে।
সিতরাংয়ের ল্যান্ডফল রাত ১২টায়, পুজোর মধ্যেই ঝড় নিয়ে সাংবাদিক সম্মেলন মমতার