দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: ডেস্টিনেশন ধর্মতলা। পৌঁছতে হবে শনিবার বারবেলায়। যেহেতু পায়ে হেঁটে যাওয়ার পণ, তাই শুক্রবার সকাল সকালই বর্ধমানের ঘোড়দৌড়চটি থেকে রওনা হলেন ২১ জন যুব তৃণমূল কংগ্রেস কর্মী। যাতে শনিবার সকাল সকালই পৌঁছে যাওয়া যায় ২১শে জুলাইয়ের সভামঞ্চে।
২১ জন যুব কর্মীর পাশাপাশি আরও চার কর্মীও থাকছেন দলের সঙ্গে। কোনও কর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁর জায়গায় পদযাত্রায় যোগ দেবেন তাঁরা। থাকছে মেডিকেল টিম ও ট্যাবলো। ২ নম্বর জাতীয় সড়ক ধরে ১১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই যুব কর্মীদের পদযাত্রা শনিবার সভাস্থলে পৌঁছবে। দলীয় কর্মীদের উৎসাহ দিতে পদযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন জেলা ও ব্লক নেতৃত্ব। তাঁরা জানান, ২১ শহিদের আত্মার শান্তি কামনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই যুব কর্মীদের এই পদযাত্রার আয়োজন।
সপ্তাহ দু'য়েক আগে থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মিছিল,মিটিং, সভা চলছে জেলায় জেলায় । পিছিয়ে নেই মহিলা, যুব কিংবা তৃণমূল ছাত্র পরিষদও। ২১শের সভা সফল করাটাই এখন শুধু বাকি।