
শেষ আপডেট: 11 September 2022 06:31
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ (MP) জহর সরকারকে (Jahar Sarkar) নিয়ে তৈরি হওয়া বিতর্কের অধ্যায় কি এখন অতীত? অন্তত রাজনৈতিক মহলের একাংশের তাই মত। এই জহর সরকারকে নিয়ে দিন কয়েক আগেও দলের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। কিন্তু তার পর বেশ কিছু জিনিস নজরে এসেছে, যা দেখে বলে যাওয়া যায় দলের সঙ্গে দূরত্ব ঘুচেছে এই প্রবীণ সাংসদের।
কলকাতায় ইডির ম্যারাথন জেরা শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনে অমিত শাহকে ‘দেশের বিগেস্ট পাপ্পু’ বলে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রাতেই অমিত শাহের কার্টুন দেওয়া টিশার্ট বাজারে এনে ফেলেছিল যুব তৃণমূলের বাহিনী। এবার সেই টি শার্ট পরতে দেখা গেল জহর সরকারকে। যা নিয়ে রাজনৈতিক মহলের একাংশের কথায়, দলের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইছেন রাজ্যের প্রাক্তন আমলা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জহর সরকার বলেছিলেন, 'টিভিতে দেখা যাচ্ছে মানুষের টাকা লুঠ করে এক মন্ত্রী তাঁর বান্ধবীকে অলঙ্কৃত করছেন। যা দেখে গা শিরশির করছে। তৃণমূলের একটা দিক পচে গিয়েছে। এই পচা শরীর নিয়ে চব্বিশের ভোটে লড়াই করা মুশকিল।'
যে মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। দলের একাংশ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিল। কেউ কেউ তাঁকে দল ছাড়ার কথাও বলেছিলেন। তখনই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল, তা হলে কি এবার দল ছাড়ছেন জহর? যদিও সেই সম্ভাবনা অমূলক হয়েছে।
২০২৪-এ মোদীকে টক্করে এক নম্বরে কে? কী বলছে সমীক্ষা
নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের কর্মিসভার বৈঠকে দেখা গিয়েছিল জহর সরকারকে। সাংসদদের জন্য করা মঞ্চে অন্যান্যদের সঙ্গে ছিলেন তিনিও। উল্লেখযোগ্য বিষয় হল, দলও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। ফলত এমন মনে করা হচ্ছে, জহর তাঁর নিজের অবস্থান থেকে খানিকটা সরেই এসেছেন। মিটেছে দলের সঙ্গে দূরত্বও।