
শেষ আপডেট: 10 May 2023 06:31
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্টেশন চত্বরে দোকান ও গাড়ি ভাঙচুর, লুঠপাট ও মারধরের ঘটনায় (Burdwan station riot) স্থানীয় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল (TMC leader arrested) বর্ধমান থানার পুলিশ (Police)। ধৃতের নাম গোলাপ সোনকার। বর্ধমান শহরের তিনকোনিয়া গুডস শেড রোড এলাকায় তাঁর বাড়ি। শহরের চৌধুরি চিড়ামিল গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। বেআইনি জমায়েত, ভাঙচুর, মারধর, লুঠপাট, ভীতি প্রদর্শন ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। তবে ঘটনাস্থল থেকে কোনও কার্তুজের খোল মেলেনি বলে পুলিশ আদালতে জানিয়েছে।
ধৃতকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে আদালতে জামিন চান ধৃতের আইনজীবী। সরকারি আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ মে ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে গোলাপ সহ বেশ কয়েকজন লাঠি, রড প্রভৃতি নিয়ে স্টেশন এলাকায় হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুঠপাট চালায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। স্ট্যান্ডে গিয়ে কয়েকটি বাইকও ভেঙে দেয় হামলাকারীরা। কয়েকজন ব্যবসায়ী বাধা দিতে এলে তাঁদের মারধর করা হয়। আলুডাঙার ঘোষপাড়ার বাসিন্দা সুরজিৎ মাঝি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, হামলাকারীরা লাঠি, রড, আগ্নেয়াস্ত্র প্রভৃতি নিয়ে এলাকায় তাণ্ডব চালায়।
রবিবার রাতে তৃণমূল নেতা গোলাপ সোনকারের নেতৃত্বে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন জেলা আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইফতিকার আহমেদ। এমনকি ওই তৃণমূল নেতার শাস্তি চেয়ে সোমবার স্টেশন চত্ত্বরে মিছিলও করলেন ইফতিকারের অনুগামীরা। মিছিলে উপস্থিত ছিলেন ইফতিকার আহমেদ নিজেও। বিধায়ক খোকন দাসের কাছে গোলাপকে দল থেকেও বহিষ্কার করারও দাবি জানান ইফতিকার আহমেদ। এর পরেই ওই ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকট হয়।
বিধায়ক খোকন দাস জানিয়েছিলেন প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনও রকম অশান্তি পাকানোর চেষ্টা বরদাস্ত করা যাবে না। যারা হামলা করেছে তারা যে দলেরই হোক না কেন প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুতে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের, সিবিআই চেয়েছিল পরিবার