
শেষ আপডেট: 8 February 2024 07:50
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ পথ দুর্ঘটনা। গভীর রাতে পথচারী-সহ এক সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল লরি। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড মোড়ে।
ঘটনায় গুরুতর জখম ১২ জন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অসমর্থিত সূত্রের খবর, বুধবার রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুট্টা বোঝায় লরিটি ডালখোলা থেকে রায়গঞ্জ আসার সময় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লরির চালক। এরপরই একের পর এক পথচারীকে পিষে দেয় লরি। ধাক্কা মারে বেশ কয়েকটি গাড়িতেও।
ঘটনার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দেহগুলি উদ্ধার করা হয়। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্থানীয় বিধায়ক গৌতম পাল বলেন, ব্রেক ফেল হওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা মেরেছে বলে শুনেছি। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারেরও মৃত্যু হয়েছে।