
শেষ আপডেট: 7 April 2022 12:30
দ্য ওয়াল ব্যুরো: এর আগে কলকাতা হাইকোর্ট একটি মামলার রায়ে জানিয়েছিল, আদালতের (High Court) অনুমতি ছাড়া কোনও মামলায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গ্রেফতার করা যাবে না। বুধবার কলকাতা হাইকোর্ট থেকে আরও কিছুটা স্বস্তি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা।
আরও পড়ুন: অনাস্থা প্রস্তাব বাতিল করা অবৈধ, বলল পাক সুপ্রিম কোর্ট, বিপদ বাড়ল ইমরানের
কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে লাইট পোস্টে দুটি সিসিটিভি ক্যামেরা (CCTV) লাগিয়ে রেখেছে স্থানীয় থানা তথা রাজ্য পুলিশ। তা নিয়ে শুভেন্দু ও তাঁর ভাই তথা খাতায়কলমে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী আগেও ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ, তাঁদের অভিযোগ ছিল এতে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে। অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলাও করেছিলেন শুভেন্দু।
বৃহস্পতিবার এই সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সরাসরিই প্রশ্ন করেন, বিরোধী দলনেতা বাড়ির দিকে মুখ করে কেন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে? ওই ক্যামেরা অবিলম্বে খুলে ফেলার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের বক্তব্য, ওই দুটি ক্যামেরা দিয়ে শুভেন্দুর বাড়ির ভিতর পর্যন্ত দেখা যেতে পারে। তাতে বিরোধী দলনেতার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। কিন্তু তাঁর নিরাপত্তা ব্যবস্থার বহর আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁকে এখন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্রের সরকার। কেন্দ্রের তরফেই রাজ্যে রাজ্যে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে বলা হয়েছিল, সেক্ষেত্রে মোটা অঙ্কের বরাদ্দও করেছিল কেন্দ্র। শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে লাগানো সিসিটিভি গুলিও সেই সূত্রেই রয়েছে। তবে বিরোধী দলনেতার বক্তব্য, নিরাপত্তার অজুহাতে এভাবে তাঁর বাড়ির উপর নজরদারি করা হচ্ছে। এদিন সেই মামলার রায়েই হাইকোর্ট সাফ জানিয়ে দিল বিরোধী দলনেতার বাড়ির সামনে থেকে ওই দুটো সিসিটিভি ক্যামেরা খুলে দিতে হবে অবিলম্বে।