দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : হার্ডওয়্যারের দোকানের গোডাউনে টাইমবোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পাঁশকুড়া থানার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের শেরহাটি বাজারে। খবর পাওয়া মাত্র পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে আসে বম্ব স্কোয়াড। পরে পাশের একটি মাঠে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। প্রথমে বোমাটিকে খুবই শক্তিশালী বলে মনে করা হলেও পরে নিষ্ক্রিয় করার সময় দেখা যায় সেটি সাধারণ মানের একটি বোমা।
পুলিশ সূত্রে জানা গেছে, হার্ডওয়্যারের দোকানটি কার্তিক গাঁতাইত নামে এক ব্যক্তির। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, এ দিন দুপুরে তিনি একটি ফোন পান। হিন্দি ভাষায় তাঁকে জানানো হয় তাঁর দোকানের গোডাউনে বোমা রাখা আছে। এরপরেই দোকানের গোডাউনে তন্নতন্ন করে খুঁজতে শুরু করেন তিনি। তখনই বোমাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়েই পৌঁছয় পুলিশ। আসে বম্ব স্কোয়াড।
বিস্ফোরণের আশঙ্কায় এলাকা ঘিরে ফেলে পুলিশ। ওই গোডাউনের আশেপাশে বাড়ি থেকে সমস্ত মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর রাত সাড়ে আটটা নাগাদ বম্ব স্কোয়াডের কর্মীরা গোডাউনের পাশে নদীর চরে ফাঁকা মাঠে বোমাটিকে নিষ্ক্রিয় করে। এলাকার মানুষজন জানান, চকোলেট বোমা ফাটলে যেমন আওয়াজ হয় তেমন শব্দ শুনেছেন তাঁরা।
বোমাটি খুব একটা শক্তিশালী নয় বলেই পুলিশের অনুমান। তবে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তা। কীভাবে বোমাটি ওই দোকানের গুদামে এল, কে বা কারা বোমাটি সেখানে নিয়ে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যে ব্যক্তির দোকান তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।