দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অবৈধ ভাবে বালি তুলে পাচারের ঘটনায় জড়িতদের ধরতে ফের পুলিশি অভিযান পূর্ব বর্ধমানে। গ্রেফতার করা হল দুই ডাম্পার চালককে।
ধৃতদের নাম সুরজ মাল ও প্রদীপ ব্রহ্মা। হুগলির পান্ডুয়া থানার রামেশ্বরপুর গ্রামে সুরজের বাড়ি। প্রদীপ মেমারির পাল্লারোডের মামুদপুরের বাসিন্দা। তারা দুটি ডাম্পারে বালি লোড করে বুধবার রাতে পাচার করছিল বলে অভিযোগ। জামালপুর থানার পুলিশ মেমারি-তারকেশ্বর রোডে কেড়িলি মোড় এলাকায় ডাম্পারগুলি আটকায়। বালি বহন সংক্রান্ত কোনও বৈধ নথি চালকরা দেখাতে পারায় পুলিশ তাদের গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই ডাম্পার দু’টি।
জিজ্ঞাসাবাদে দামোদর থেকে অবৈধ ভাবে বালি তুলে তা পাচারের কথা দুই ডাম্পার চালক কবুল করার পরেই তাঁদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জেনেছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই বালি পাচারে জড়িত। তাদের সঙ্গে আরও কয়েকজন এই কারবারে জড়িত রয়েছে। নদী থেকে অবৈধ ভাবে বালি তুলে তা পাচারের কারণে সরকারের প্রচুর রাজস্বের ক্ষতি হচ্ছে। একটি চক্র এই কাজে জড়িত বলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে।
সুনির্দিষ্ট ধারার মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। অবৈধ ভাবে বালি পাচারের ঘটনায় আরও কারা কারা যুক্ত রয়েছে তা জানার জন্যে তদন্তকারী অফিসার এদিন ধৃতদের ৫ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের ২ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।