দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বৃদ্ধের ব্যাগ থেকে ১ লক্ষ টাকা কেপমারির ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সৌরভ দে। পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার শুকডালে ধৃতের বাড়ি। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
দেওয়ানদিঘি থানার ছোটবেলুনের বাসিন্দা বছর বাষট্টির হিমাংশু ভট্টাচার্য দিনকয়েক আগে হেডপোস্ট অফিস থেকে ১ লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। তাঁর স্ত্রী অসুস্থ হয়ে বেশ কয়েকদিন শহরের বামবটতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য তিনি কয়েকজনের কাছ থেকে টাকা ধার নেন। পোস্ট অফিস থেকে টাকা তুলে ধার শোধ করার পরিকল্পনা ছিল তাঁর।
পোস্ট অফিস থেকে সাইকেলে করে বাড়ি ফেরার সময় তিনি রাস্তার পাশের দোকান থেকে স্ত্রীর জন্য ফল কিনছিলেন। টাকার ব্যাগটি সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ছিল। ফলের দাম মেটাতে গিয়ে তিনি দেখেন, ব্যাগ থেকে দু’টি ৫০০ টাকার বান্ডিল গায়েব হয়ে গিয়েছে। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ এর আগে শেখ সাবির নামে এক যুবককে গ্রেফতার করে। বৃহস্পতিবার সৌরভকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
ধৃতের কাছ থেকে টাকা উদ্ধার হয়নি। টাকা উদ্ধারের জন্য ধৃতকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদনও জানায়নি পুলিশ। স্রেফ সন্দেহের বশে গ্রেফতারের কথা উল্লেখ করে সপ্তাহে দু’দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।