দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : মাঝখানে কেটে গেছে ৩০ বছরেরও বেশি সময়। সেদিনের তরতাজা যুবকের বয়স এখন ষাট ছাড়িয়েছে। দীর্ঘদিন পরিবারের ঘেরাটোপের বাইরে থাকায় বয়সের ছাপ যেন আরও গাঢ়। দীর্ঘ ৩০ বছর পর আত্মজনদের দেখে বাঁধ ভাঙল চোখে।
মাস দেড়েক আগে অশোকনগর স্টেশন থেকে জখম অবস্থায় উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ওই বৃদ্ধকে নিয়ে এসেছিলেন কিছু রেলযাত্রী ও স্থানীয় ক্লাবের সদস্যরা। তখন তাঁর নাম পরিচয় জানতেন না কেউ। মানবিক হয়েই ওই বৃদ্ধের চিকিৎসা শুরু করেন হাসপাতালের ডাক্তাররা। সেবা-শুশ্রূষা করে তাঁকে অনেকটাই সুস্থ করে তোলেন হাসপাতালের নার্সরা। তবুও নিজের নাম বা ঠিকানা কোনওটাই বলতে পারেননি ওই বৃদ্ধ।
গত রবিবার হাসপাতালের সুপার সোমনাথ মণ্ডল যোগাযোগ করেন হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর কর্মীরা বৃদ্ধর ছবি ও কণ্ঠস্বর সোশ্যাল মিডিয়ার মারফত ছড়িয়ে দেয় দেশের বিভিন্ন প্রান্তে থাকা হ্যাম রেডিওর কর্মীদের কাছে। এরপরেই খোঁজ পাওয়া গেল তাঁর পরিবারের।
জানা গেছে, ৩০ বছরেরও বেশি আগে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এই বৃদ্ধর নাম জয়গোবিন্দ বিন্দ। বাড়ি বিহারের শিবসাগরে। হারিয়ে যাওয়া জয়গোবিন্দের খোঁজ পেতেই সোমবার তাঁর দুই ভাই বাবন বিন্দ ও মুখরাম বিন্দ ও তাঁদের এক জামাতা দারোগা বিন্দ অশোকনগরে আসেন বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নিতে।
এরপরেই হাসপাতাল থেকে অশোকনগর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় তাঁর পরিবার। যেভাবে একজন অচেনা মানুষকে পরিষেবা দিয়ে সুস্থ করে তুলেছে হাসপাতালের ডাক্তার ও কর্মীরা তাতে খুশি ওই বৃদ্ধের পরিবারের লোকজন। ঘরের মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ-প্রশাসনের পাশাপাশি হ্যাম রেডিও কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তাঁরা।