দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি সামাল দিতে উত্তরবঙ্গ কেন্দ্রীক ভাবনায় জোর দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। রবিবার গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান করোনায় আক্রান্ত কালিম্পঙের বাসিন্দা মধ্যবয়সী এক মহিলা। সেই ঘটনার পরেই আতঙ্ক সৃষ্টি হয় গোটা হাসপাতাল জুড়ে। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের একাংশ। মঙ্গলবার তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সমস্ত চিকিৎসক ও কর্মীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
এই বৈঠকে যেমন ছিলেন মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের ডিন, জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, নার্সিং স্টাফদের প্রতিনিধিরা, তেমনই ছিলেন নিরাপত্তাকর্মী, সাফাই কর্মীদের প্রতিনিধিরাও। সবাইকে এই কঠিন লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘কঠিন সময়ে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। ছোটখাটো বিভ্রান্তি থাকতেই পারে। প্রত্যেকের কাউন্সেলিং করা হবে। মুখ্যমন্ত্রী নিজে মাঠে নেমে লড়াই করছেন। আমাদেরকেও লড়াইয়ে ঝাঁপাতে হবে।’’
ইতিমধ্যে ঠিক হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অতিরিক্ত আরও আইসোলেশন ওয়ার্ড খোলার কথা বৈঠকে উঠে এসেছে। ৩০ থেকে ৩৫টি ভেন্টিলেটরও কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রী বলেন, ‘‘ভাইরাল ল্যাবে করোনা পরীক্ষার কাজও শুরু হয়েছে। গ্রামীণ এলাকাতেও আমরা জরুরী ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে ফাঁসিদেওয়ার আইটি আই কলেজে কোয়ারেন্টিন সেন্টার খোলার জন্য সিদ্ধান্ত হয়েছে। সেখানে আধিকারিকরা গিয়েছিলেন। শুধু শহর নয় আমাদের প্রস্তুতি গোটা উত্তরবঙ্গের জন্য।’’
করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর পর থেকেই নিরাপত্তার অভাব বোধ করে বেসরকারি নিরাপত্তা কর্মীরা মেডিক্যাল কলেজে কাজ বন্ধ রাখেন। তাদের বিষয় নিয়েও আলোচনা করেন মন্ত্রী। তাঁদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। বলেন, ‘‘আমরা মনে করি সবাই কাজ করবেন। নিরাপত্তার সামগ্রী সবার জন্যই আসবে।’’
রবিবার রাতে কালিম্পংয়ের ওই মহিলার মৃত্যুর পর পরিবারের সদস্যদের এবং আরও ৩০ থেকে ৪০ জন যাঁরা ওই মহিলার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলের কর্মীরা।
এদিকে করোনা মোকাবিলায় জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তিনশো শয্যার হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৈরি হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার।