দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: জেলাশাসকের বাংলোয় চাকরি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক হোমগার্ডকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় যাদব। পশ্চিম বর্ধমানের বুদবুদ বাজার এলাকায় তাঁর বাড়ি।
শুক্রবার শহরের কেশবগঞ্জচটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। ধৃতের বিরুদ্ধে গলসির এক যুবককে ঠকানোর অভিযোগ রয়েছে। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। হাতিয়ে নেওয়া বাকি টাকা উদ্ধারের জন্য এবং তদন্তের প্রয়োজনে ধৃতকে ৩ দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম সুজিতকুমার বন্দ্যোপাধ্যায়।
পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে বর্ধমান থানার কৃষ্ণপুরের বাসিন্দা মীর সাবির আলির সঙ্গে সঞ্জয়ের পরিচয় হয়। সাবিরকে জেলাশাসকের বাংলোয় হোমগার্ডের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সঞ্জয়। তার জন্য কয়েক দফায় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় সে। চাকরির জন্য সাবিরের শিক্ষাগত যোগ্যতার ও অন্যান্য নথিপত্র নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় কেশবগঞ্জচটি ফাঁড়ির কাছে সঞ্জয় আসে। মায়ের শরীর খারাপের কথা বলে সাবিরের কাছ থেকে সে আরও ১০ হাজার টাকা চায়। তার কথাবার্তায় সন্দেহ হয় সাবিরের। সে কারণে তিনি আর টাকা দেননি। বুধবার ঘটনার কথা জানিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিশ গ্রেফতার করে ওই হোমগার্ডকে।