দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: রাতের অন্ধকারে আগুন সোনামুখী থানার রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুরের মিনি মার্কেটে। পুড়ে ছাই হয়ে গেল একটি দোকান। আংশিক ক্ষতি হয়েছে আরও দু’টি দোকানের।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্যানন্দপুর মিনি মার্কেটে অসীম সমাদ্দার নামে এক ব্যক্তির দোকানে মঙ্গলবার রাত বারোটা নাগাদ আগুন লাগে। আগুন লেগেছে টের পেয়েই দমকলে খবর দেন স্থানীয় মানুষজন। সোনামুখী থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দু'ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ওই দোকানে প্লাস্টিক জাতীয় দ্রব্য থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। ওই দোকানের পাশের আরও দু’টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দোকানের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ওই দোকানে।
তপন সরকারের দোকান রয়েছে ওই বাজারেই। তিনি বলেন, ‘‘রাত বারোটার সময় প্রথম অসীমের দোকান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। তখনই সবাই ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য দোকানটি প্রায় পুরোটাই ভস্মীভূত হয়েছে।’’
জানা গেছে, দুবাইতে চাকরি করতেন অসীম সমাদ্দার। বছর দেড়েক আগে তিনি দেশে ফিরে আসেন। এরপরেই এই দোকান খোলেন তিনি। লকডাউন চলায় বেশ কিছুদিন দোকান বন্ধ রাখতে হয়েছে তাকে। ফলে ব্যবসার ক্ষতি হয়। তার উপর মঙ্গলবার রাতের আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার মাল পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। তাই সংসারের চাকা কীভাবে সচল রাখবেন তাই ভেবে এখন শুধুই হাহাকার করছেন এই ব্যবসায়ী।
অসীমবাবুর দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া দু’টি দোকানেও। আংশিক ক্ষতি হয়েছে এই দোকান দু’টিরও। কী কারণে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ এবং দমকলের আধিকারিকরা।