১৩ হাজার টাকায় সাইকেলকে মোটর সাইকেল বানিয়ে তাক লাগালেন বর্ধমানের যুবক
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সাইকেল ছিল। তা চালিয়ে ঘুরে বেড়াতেন গুসকরার যুবক প্রীতম মণ্ডল। হঠাৎই মাথায় আসে অন্য ভাবনা। পুজোর সময় পাওয়া দিন কুড়ি ছুটিতে সেই সাইকেলটাকেই মোটর সাইকেলে পরিবর্তন করে ফেললেন তিনি। আগে সাইকেল নিয়ে ঘুরতেন এলাকায়
শেষ আপডেট: 7 February 2020 11:38
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সাইকেল ছিল। তা চালিয়ে ঘুরে বেড়াতেন গুসকরার যুবক প্রীতম মণ্ডল। হঠাৎই মাথায় আসে অন্য ভাবনা। পুজোর সময় পাওয়া দিন কুড়ি ছুটিতে সেই সাইকেলটাকেই মোটর সাইকেলে পরিবর্তন করে ফেললেন তিনি। আগে সাইকেল নিয়ে ঘুরতেন এলাকায়। এখন মোটর সাইকেল নিয়ে চলে যান দূরদূরান্তেও।
সাইকেলকে মোটর সাইকেল করার ভাবনাটা এসেছিল ইউটিউব ভিডিও দেখে। ব্লক অফিসের কর্মী প্রীতম তারপর আর সময় নষ্ট করেননি। পুজোর সময় দিন কুড়ি ছুটি ছিল। সেই ছুটিটাকেই কাজে লাগিয়ে ফেলেন তিনি।

অনলাইনে কিনে ফেলেন ছোট লিথিয়াম ব্যাটারি। বর্ধমানের একটি দোকান থেকে কেনেন মোটর, ব্যাটারি, কন্ট্রোলার, ব্রেক, লাইট, ইণ্ডিকেটর। তার দিয়ে সংযুক্ত করেন। এতেই কেল্লাফতে! মাত্র ১৩ হাজার টাকায় তৈরি ব্যাটারিচালিত মোটরসাইকেল।

প্রীতম জানান, দশ অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করে প্রায় কুড়ি কিলোমিটার যেতে পারছেন। ব্যাটারির শক্তি আরও বাড়ালে একবার চার্জ দিয়ে আরও বেশি দূরত্ব যাওয়া যাবে। প্রীতম বলেন, “ইউটিউবে যে ব্যাটারি ব্যবহারের কথা বলা ছিল তা ওজনে অনেক বেশি ভারী। আমি একটু বেশি টাকা খরচ করে ছোট ব্যাটারি নিয়ে আসি, তা অনেক হালকা আর দেখতেও সুন্দর। এখন ব্যাটারির দাম আরও কমে গেছে। তাই এখন তৈরি করলে খরচ আরও কম হত।”
মাত্র ১৩ হাজার টাকায় প্রীতমের এমন বাহন নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর পড়শিরাও।