দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা থেকে শনিবার সকালে গ্রেফতার করা হল বাংলাদেশের এক কুখ্যাত দুষ্কৃতীকে। নাম ইলিয়াস শিকারি। বাংলাদেশের বামনডাঙা জেলার বামনডাঙা গ্রামে তার বাড়ি।
পুলিশ জানিয়েছে, সে দেশের একাধিক থানা এলাকায় খুন, রাহাজানি, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত বছরের জুলাই মাসে সীমান্ত পেরিয়ে এ দেশে পালিয়ে এসেছিল। এখানে এসেও জারি ছিল তার সমাজবিরোধী কাজকর্ম। আত্মগোপন করতে চলে গিয়েছিল কেরালায়। সেখানেই গত বছরের ১৮ অগস্ট মালয়ালম পত্রিকার সম্পাদক বিবেক চন্দমের বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কুড়ি লক্ষ টাকা ডাকাতি করে। সেই অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ইলিয়াস শিকারির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল ইন্টারপোল।
গোপনসূত্রে পাওয়া ভিত্তিতে কেরল পুলিশের একটি দল বসিরহাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এ দিন সকালে ঘোজাডাঙা এলাকায় হানা দেয়। পরে এখান থেকেই গ্রেফতার করা হয় ওই কুখ্যাত দুষ্কৃতীকে। যে কুড়ি লক্ষ টাকা ডাকাতি হয়েছিল সেই টাকা কোথায় গেল তার উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ।
ইতিমধ্যে এই ঘটনায় রাজ্য ও কেরল পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করছে। শনিবার বসিহাট মহাকুমার আদালতে ইলিয়াস শিকারিকে তোলা হলে বিচারক তিন দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। কেরালা নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে।