
শেষ আপডেট: 3 July 2023 10:16
দ্য ওয়াল ব্যুরো: এ যেন ছিল বেড়াল, হয়ে গেল রুমাল!
কলকাতা হাইকোর্টে প্রথমে নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে। হাইকোর্টের সেই নির্দেশের পর ২২ জেলার জন্য মাত্র ২২ কোম্পানি সেন্ট্রাল ফোর্স চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কারণ, তখন কমিশন জানিয়েছিল, তাদের হিসাবে স্পর্শকাতর বুথের সংখ্যা মাত্র ১৮৯ টি।
এর পর যা ঘটেছে, তা ইতিহাস। রাজ্য নির্বাচনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের মতো অন্তত ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ ঠিকমতো মানছে কিনা তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে।
সোমবার কলকাতা হাইকোর্টে সেই হলফনামা পেশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে মোট বুথের সংখ্যা ৬১,৬৩৬। এর মধ্যে ৭.৮৪ শতাংশ বুথ স্পর্শকাতর। অর্থাৎ স্পর্শকাতর বুথের সংখ্যা ৪৮৩৪।
প্রশ্ন উঠতে পারে, এই যে রাতারাতি স্পর্শকাতর বুথের সংখ্যা বেড়ে গেল, তা কি আদালতের চাপে পড়ে? জবাবে কমিশনের কর্তা এদিন বলেন, ব্যাপারটা তা নয়। যে সময়ে ১৮৯ টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছিল, তা ছিল একেবারে প্রাথমিক মূল্যায়ন। কমিশন তখনই জানিয়েছিল, ডায়ানামিক মেথড ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতির প্রতি মুহূর্তে এবং দফায় দফায় মূল্যায়ন চলবে। সর্বশেষ মূল্যায়নে দেখা যাচ্ছে ৪৮৩৪ টি বুথ স্পর্শকাতর।
রিপোর্টে কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে তাদের মোতায়েন হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর থাকা, খাওয়া ও পরিবহণের ব্যবস্থাও করা হয়েছে। এ ব্যাপারে কোনও ত্রুটি রাখা হয়নি।
তবে কমিশন আদালতে এই রিপোর্ট পেশ করার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, হাইকোর্ট নির্দেশ না দিলে রাজ্য নির্বাচন কমিশনার বেমালুম বলে যেতেন যে স্পর্শকাতর বুথের সংখ্যা দু’শর বেশি নয়। এই কমিশনারের উপর মানুষ আস্থা রাখবে কীভাবে?
আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, স্পর্শকাতর বুথগুলো প্রকৃতই স্পর্শকাতর, নাকি শুধু তৃণমূলের জন্য স্পর্শকাতর তাও দেখতে হবে। হতে পারে যে বুথগুলো ওরা চিহ্নিত করেছে সেখানে শাসক দল গোষ্ঠী কোন্দলে জর্জরিত বা সেখানে বিরোধীরা শক্তিশালী। এই ভোটে গণতন্ত্রের মৃত্যু ঘটতে চলেছে।
৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, হাইকোর্টের নির্দেশে বেনজির ব্যবস্থা বাংলায়