
শেষ আপডেট: 5 June 2022 04:21
দ্য ওয়াল ব্যুরো: অসুখ করলে রোগী হাসপাতালে যান। সেখানে ডাক্তার নার্সরাই ভরসা। তারা যা বলেন, যে ওষুধ দেন তাতেই প্রাণ বাঁচে রোগীর, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সে। কিন্তু সেই ডাক্তারের হাতেই যদি ভুল হয়ে যায়! সম্প্রতি তেমনই এক মারাত্মক ভুলের অভিযোগ উঠেছে রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat Medical College and Hospital)।
আরও পড়ুন: পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার হিড়িক, ষষ্ঠী-সপ্তমীর ট্রেনের টিকিট পাঁচ মিনিটেই শেষ!
অভিযোগ ও পজিটিভি এবং বি পজিটিভ গ্রুপের রক্ত অদল বদল হয়ে গেছে ওই হাসপাতালে (Rampurhat)। রোগীর শরীরে প্রবেশ করেছে ভুল রক্ত। ও পজিটিভ গ্রুপের রোগী পেয়েছে বি পজিটিভ রক্ত। আর যে রোগীর রক্তের গ্রুপ বি পজিটিভ তাঁকে দেওয়া হয়েছে ও পজিটিভ রক্ত। এই মারাত্মক ভুলের কথা স্বীকারও করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আশ্বাস দেওয়া হয়েছে উপযুক্ত তদন্তের।
রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন রামপুরহাটের (Rampurhat) কাজলরেখা চক্রবর্তী এবং নলহাটির আজমা বিবি। দুজনেরই চিকিৎসা চলছিল সার্জিক্যাল বিভাগে। অভিযোগ, কাজলরেখা দেবীর ব্লাড গ্রুপ ও পজিটিভ হওয়া সত্ত্বেও তাঁকে বি পজিটিভ গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। তাঁর ছেলে এই কাণ্ড দেখে তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন নার্সরা ছুটে এসে রক্ত থামিয়ে দেন। ভুল রক্ত শরীরে কিছুটা প্রবেশ করার পর কাজলরেখা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ।
অন্যদিকে কাজলরেখার জন্য আনা ও পজিটিভ রক্ত দেওয়া হয়েছে আজমা বিবিকে। তাঁর রক্তের গ্রুপ বি পজিটিভ। তিনিও ভুল রক্ত পাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দুজন রোগীই এখন সুস্থ আছেন। তাঁদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে পর্যবেক্ষণের জন্য।
হাসপাতালের তরফে এই ভুল স্বীকারও করে নেওয়া হয়েছে। বলা হয়েছে অসাবধানতাবশত এই ভুল হয়েছে। দুই রোগীর পরিবারই লিখিত অভিযোগ দায়ের করেছে। হাসপাতাল তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।