দ্য ওয়াল ব্যুরো: আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই শহরবাসীর। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও আকাশ মেঘলাই থাকবে। সঙ্গে চলবে বৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
এ বার বর্ষার মরশুমে দোসর গভীর নিম্নচাপ। সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা। আর ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখা এবং গভীর নিম্নচাপের কারণেই আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতা এবং তার পার্শবর্তী বিভিন্ন জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি---উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।