
শেষ আপডেট: 9 July 2023 06:43
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় লেখিকা প্রজ্ঞাদীপা হালদারের (Pragnadeepa Halder) রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তাঁর লিভ-ইন সঙ্গী কৌশিক সর্বাধিকারীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের (jail custody) নির্দেশ দিলেন বিচারক। শুক্রবার ১৪ দিনের পুলিশ হেফাজতের পর তাঁকে ব্যারাকপুর এসিজেএম আদালতে হাজির করা হয়েছিল। সেখানেই দু’পক্ষের আইনজীবীদের কথা শোনার পর এই রায় দেন বিচারক। ফলত যা মনে হচ্ছে, এখনই জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই ওই সেনা চিকিৎসকের।
অভিযুক্তের আইনজীবী সুদীপ মৈত্র বিচারকের সামনে দাবি করেন, প্রজ্ঞাদীপার মৃত্যু আসলে দীর্ঘ অবসাদের পরিণতি। তাঁর যে মনোরোগের চিকিৎসা চলছিল এবং তিনি যে নিয়মিত ওষুধ খেতেন, তারও উল্লেখ করেন। এরপর ভারপ্রাপ্ত এসিজেএম তন্ময় রায় পুলিশের বাজেয়াপ্ত করা প্রজ্ঞাদীপার ডায়েরির একটি অংশ পড়ে শোনান বিচারককে। সেখানে প্রজ্ঞা লিখেছেন, তাঁকে নিচু জাতের দূষিত রক্তের মানুষ বলে সম্বোধন করেছেন কৌশিক। নিজের সঙ্গীর থেকে এমন মন্তব্য শুনে তিনি ভীষণই মর্মাহত।
এদিকে সরকারি আইনজীবী সুদীপ সরকার বলেন, ‘‘কৌশিকের দ্বারা মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন প্রজ্ঞাদীপা। তাও আবার একবার না, একাধিকবার। প্রজ্ঞার পিঠে সেই আঘাতের চিহ্নও মিলেছে।’’ এরপর দুই আইনজীবীর বক্তব্য খতিয়ে দেখে বিচারক পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন। জানান, আগামী ২১ জুলাই ফের এই মামলার শুনানি হবে। সে কথা জানিয়েই অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এদিকে এই মৃত্যুর তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছিল কৌশিকের তিন বাংলাদেশি বন্ধুর নাম। জানা গিয়েছিল, ঘটনার দিন তাঁরা ব্যারাকপুরেই ছিলেন। কৌশিক তাঁদের ব্যারাকপুর বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন। তবে ওই ঘটনার সময় সেই তিনজন কৌশিকের কোয়ার্টারে ছিলেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তদন্তে নাম আসার পর তিন বাংলাদেশিকে আটক করে জেরা করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী অফিসাররা। কিন্তু এরপর তাঁদের গ্রেফতার করা হয়েছে নাকি ছেড়ে দেওয়া হয়েছে, সে কথা প্রকাশ্যে আসেনি।
খুন নয়, আত্মহত্যাই করেছেন প্রজ্ঞাদীপা! ময়নাতদন্তের রিপোর্টে জানাল পুলিশ