
শেষ আপডেট: 8 July 2023 13:32
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ভোট হিংসায় (Panchayat Election2023) আরও একজনের মৃত্যু হল উত্তর দিনাজপুরের (North Dinajpure) গোয়ালপোখরে। কুপিয়ে খুন করা হল মহম্মদ জামিলুদ্দিন নামে এক কংগ্রেস কর্মীকে।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, স্থানীয় একটি বুথে শনিবার ভোট লুঠ করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁরা বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। এই সময়েই জামিলুদ্দিনকে কুপিয়ে মারা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এদিন সকালেই গোয়ালপোখোরে খুন হন তৃণমূলের বিদায়ী প্রধানের স্বামী। নিহতের নাম মহম্মদ শাহেনশা (৩৫)। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়। গোয়ালপোখোর ২ নম্বর ব্লকের চাকুলিয়ার বিদ্যানন্দপুর গ্রামে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই খুন হন কংগ্রেস কর্মী জামিলউদ্দিন।
কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সুষ্ঠু ও অবাধ ভোট করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবু ভোট শুরু হতেই দেখা গেল অন্য ছবি। শনিবার সকাল ৭টায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসার খবর আসতে শুরু করে। বেলা যত বেড়েছে, ততই বেড়েছে মৃতের সংখ্যা।
চলন্ত ট্রেন থেকেই বেল্ট দিয়ে মার পাশের ট্রেনের যাত্রীদের! ভিডিও ভাইরাল হতেই যা হল…